দিনাজপুর, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সমুদ্রবক্ষে তেল ও গ্যাস অনুসন্ধান এবং উত্তোলনে বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তি না করার দাবিতে সোমবার মানববন্ধন কর্মসূচি পালন করেছে তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির দিনাজপুর শাখা।
পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
সকালে দিনাজপুর প্রেসক্লাবের সামনে কমিটির জেলা শাখা মানববন্ধন কর্মসূচি পালন করে। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয়।
জেলা প্রশাসক নবিউল হক মোল্লা স্মারকলিপি পাওয়ার পর বলেন, "আমি সরকারের কাছে স্মারকলিপি পৌঁছে দেব।"
স্মারকলিপেতে বলা হয়, সমুদ্রে সীমানা চিহ্নিত না করে কোনো ধরনের খনিজ সম্পদ উত্তোলন করা হবে জাতীয় স্বার্থের পরিপন্থি। এর ফলে আমাদের অনেক সম্পদ হাতছাড়া হওয়ার সম্ভাবনা রয়েছে। জাতীয় সংসদের অনুপস্থিতিতে বিদেশি কোনো কোম্পানির সঙ্গে চুক্তি সম্পাদনের এখতিয়ার বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের নেই বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়।
জেলা কমিটির আহ্বায়ক সৈয়দ মোসাদ্দেক হোসেন লাবু ও সদস্য সচিব এসএম খালেকুজ্জামান রাজুসহ নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১০০ ঘ.
bdnews24