গাজীপুর, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাজীপুরের টঙ্গীতে সোমবার দুপুরে ছিনতাইকারীরা এক যুবককে গুলি করে আড়াই লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে।
পরে জনতা জাহিদ (২৪) নামে এক ছিনতাইকারীকে আটক করে গণধোলাই দেয়। পুলিশ ওই যুবকের কাছ থেকে চার রাউন্ড গুলিসহ দুটি বিদেশি পিস্তল ও ছিনতাইয়ের ৯২ হাজার ৭২০ টাকা উদ্ধার করেছে।
ছিনতাইয়ের শিকার মো. রাশেদকে (২৫) বাম হাতের কব্জিতে গুলিবিদ্ধ অবস্থায় লোকজন টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যায়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
রাশেদ টঙ্গী এলাকায় গ্রামীণফোনের পরিবেশক মোবারক ট্রেডার্সের বিক্রয় প্রতিনিধি।
টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, দুপুর ১২টার দিকে টঙ্গী বিসিক শিল্পনগরীর পাগার আটারকল এলাকায় পথচারী রাশেদের পথরোধ করে মোটরসাইকেল আরোহী তিন ছিনতাইকারী। নগদ ২ লাখ ৩৮ হাজার টাকা এবং ২৩ হাজার টাকার প্রিপেইড কার্ড ভর্তি ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে রাশেদ ছিনতাইকারীদের বাধা দেন।
এ সময় এক ছিনতাইকারী রাশেদের মাথা লক্ষ্য করে গুলি ছোড়ে। রাশেদ হাত তোলায় তার কব্জিতে গুলি লাগে।
গুলির শব্দ শুনে লোকজন এগিয়ে এলে দুই ছিনতাইকারী পালিয়ে যায়।
ওসি জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬০৬ ঘ.
bdnews24