মাগুরা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাস ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় মাগুরা-নড়াইল সড়কের বাটাজোড় বাসষ্ট্যান্ড এলাকা থেকে রোববার গভীর রাতে তিন ডাকাতকে আটক করেছে জনতা।
এদের কাছ থেকে তিনটি হাতবোমা, একটি খেলনা পিস্তল, এক সেট পুলিশের পোশাক ও একটি ছুরি উদ্ধার করা হয়।
আটককৃতদের মধ্যে মহম্মদপুর উপজেলার বারইখালী গ্রামের সোলেমান চিহ্নিত ডাকাত সর্দার। অপর দুই ডাকাত সলেমান ও রমজানের বাড়ি একই উপজেলার কলমধরি গ্রামে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগীর মিয়া জানান, গভীর রাতে ১০ থেকে ১২ জনের সংঘবদ্ধ একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এলাকাবাসী চ্যালেঞ্জ করলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে জনতা ধাওয়া করে তিন ডাকাতকে আটক করে।
মাগুরা-নড়াইল ভায়া বাটাজোড় সড়ক দিয়ে চলাচলকারী ঢাকা থেকে নড়াইলগামী ঈগল পরিবহনের নৈশ কোচে ডাকাতির জন্য তারা ওই স্থানে অপেক্ষা করছিল বলে পুলিশের ধারণা।
ওসি ছগীর মিয়া জানান, তিন ডাকাতকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৬২৭ ঘ.
bdnews24