নারায়ণগঞ্জ, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তারাবো পৌর এলাকায় বিক্ষুদ্ধ গার্মেন্টস শ্রমিকরা রোববার বিকেলে বেতন-বোনাসের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়।
তারাবোর টাটকীতে জয়া গার্মেন্টস কারখানার ওই অবরোধকারী শ্রমিকরা পুলিশের গাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করে এবং ১০/১২টি গাড়ি ভাঙচুর করে। অবরোধ ও সংঘর্ষের কারণে ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় ২ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। ভোগান্তির শিকার হন ঈদে ঘরমুখো হাজার হাজার মানুষ।
শ্রমিকরা জানায়, বেতন ও বোনাসের দাবিতে জয়া গার্মেন্টসের প্রায় ১৭ শ' শ্রমিক বিকেল ৩টার দিকে কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভ শুরু করে। শ্রমিকদের একটি অংশ কারখানার ভেতরের আনসার ক্যাম্প ও নিটিং সেকশনে ব্যাপক ভাংচুর চালায়। পরে বিকেল ৪টার দিকে কারখানার সামনে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে তারা।
খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের লাঠিপেটা শুরু করে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা লাঠিসোঁটা ও ইট পাটকেল নিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে যায়।
বিকেল সোয়া ৫টার দিকে নারায়ণগঞ্জ শহর থেকে বিপুলসংখ্যক পুলিশ ও র্যাব সদস্য ঘটনাস্থলে এসে শ্রমিকদের হটিয়ে দেয়। এরপর মহাসড়কে যান চলাচল আবার শুরু হয়।
জয়া গার্মেন্টসের শ্রমিক হান্নান অভিযোগ করেন, চলতি মাসের ২০ তারিখ পর্যন্ত বেতন ও ঈদ বোনাস রোববারের মধ্যে পরিশোধ করার দাবি জানিয়েছিল শ্রমিকরা। কিন্তু মালিকপক্ষ দাবি না মানায় তারা বিক্ষুদ্ধ হয়ে ওঠে।
সন্ধ্যায় অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ করীমের মধ্যস্থতায় শ্রমিকদের সঙ্গে গার্মেন্টস কর্তৃপক্ষের সমঝোতা হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করীম জানান, কর্তৃপক্ষ সোমবার বেতন বোনাস পরিশোধ করতে রাজি হয়েছে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা "গার্মেন্টস কর্তৃপক্ষের খামখেয়ালিকে" এ ঘটনার জন্য দায়ী করলেও জয়া গার্মেন্টসের পরিচালক উত্তম প্রসাদ অভিযোগ করেন, "বহিরাগতদের উস্কানিতে এ ঘটনা ঘটেছে।"
সংঘর্ষে আহত পুলিশের সহকারী সুপার তৌহিদুল ইসলাম, কনস্টেবল তাপস, শাহীনুর ও লুৎফর, শ্রমিক স্বপন, নীরব, ফারুক, তাজুল, ইকবাল, হান্নান, শবনম, মোস্তাফা, এমরান, জাহিদ, ওসমান, মহিউদ্দিন, কোরবান, স্বপন, মরিয়ম, বিপ্লব ও মোশাররফকে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে অবরোধের প্রায় ২ ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় ঈদে ঘরমুখো হাজার হাজার যাত্রী দুর্ভোগে পড়েন। এর প্রভাবে পার্শ্ববর্তী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশের মদনপুর থেকে নয়াপুর পর্যন্ত ছড়িয়ে পড়ে যানযট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/এসকে/২৩৩১ঘ.
bdnews24