ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- কিছুতেই তর সইছে না পাঁচবছরের ছোট্ট কাশফিয়ার। কমলাপুরে ব্রাহ্মণবাড়িয়ার একটি বাস কাউন্টারের সামনে ব্যাগের ওপর বসে বাস খুঁজছে সে। সামনে দিয়ে কোনও বাস গেলেই ব্যস্ত হয়ে হাত-পা নেড়ে বাবাকে দেখিয়ে বলছে "চলে গেলো তো, আমরা কোনটাতে যাবো।
কাশফিয়ার বাবা কামরুল হাসান জানালেন, টিকেট হাতে ঘণ্টারও বেশি সময় ধরে অপেক্ষা করছেন। বাস আসছে না, মেয়ে অস্থির হয়ে উঠেছে। তাই ওকে ভোলাতে ব্যাগ পাহারা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে।
রাজধানীর দূরপাল্লার বাস স্ট্যান্ড আর কাউন্টারগুলোতে রোববার সারাদিনই ভিড় ছিল। কমলাপুর রেল স্টেশন তো ছিল লোকে লোকারণ্য। সন্ধ্যার দিকে অধিকাংশ লঞ্চ ছাড়ার কথা থাকলেও লঞ্চে জায়গা পাওয়ার জন্য সদরঘাটেও ছিল সকাল থেকেই ভিড়।
সায়েদাবাদ
সায়েদাবাদের কুমিল্লাগামী তিশা সার্ভিসের কাউন্টারে সকালে গিয়ে দেখা গেল সারি সারি মাথা। কাউন্টারকর্মীদের দৃষ্টি আকর্ষণের জন্য চেষ্টা করে চলেছেন সবাই। কর্মীরাও টিকেট লিখে আর টাকা গুণে নিতে কূল পাচ্ছেন না।
যাত্রী মাহমুদ সরকার বললেন, "অগ্রীম টিকেটের ব্যবস্থা না থাকায় সমস্যায় পড়তে হচ্ছে। পরিবার নিয়ে এসে কাউন্টারে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা।"
তবে চট্টগ্রামের বাস কাউন্টারগুলোতে খুব বেশি ভিড় ছিল না।
কমলাপুর
কমলাপুর রেলস্টেশন ছিল লোকে লোকারণ্য। সদ্য অবসরে যাওয়া সরকারি চাকুরে রইসউদ্দীন আহমেদ বললেন, "বহুদিন পর ট্রেনে বাড়ি যাচ্ছি। শুনেছি ট্রেনের সেবার মান উন্নত হয়েছে।"
ট্রেনের সময় সন্ধ্যা হলেও বিকেলেই স্টেশনে এসে উপস্থিত হয়েছেন তিনি পরিবার-পরিজন নিয়ে। কালোবাজারে টিকেট পাওয়া যাচ্ছে স্টেশনে গিয়ে এরকম কথা শোনা গেলেও কালোবাজারীদের দেখা গেলনা রোববার। যাত্রীদের সবাই মোটামুটি আগাম টিকেট কেটে এসেছেন।
কমলাপুর স্টেশনের স্টেশন মাস্টার জীতেন্দ্র সাহা জানান, সোমবার পর্যন্ত ২২ টি আন্তঃনগর ট্রেন যাত্রী বহন করেছে। মঙ্গলবার থেকে আরও চারটি ঈদ স্পেশাল ট্রেন চলবে। এছাড়া ১২ টি মেইল ট্রেন চলছে আগের মতোই।
এবার স্টেশনের পরিবেশ আগের চেয়ে ভাল দাবি করে স্টেশন ম্যানেজার রেজাউল হক বললেন, টিকেট বিক্রি সুষ্ঠুভাবেই হয়েছে। এখন পর্যন্ত কোনও যাত্রী টিকেট কালোবাজারী বা প্রতারণার শিকার হওয়ার কোনও অভিযোগ দেননি।
কল্যাণপুর ও গাবতলী
রোববার রাত সাড়ে আটটার দিকে কল্যাণপুর ও গাবতলী বাস টার্মিনালে গিয়ে একেবারেই ভিন্ন চিত্র দেখা গেলো। এ দুটি স্থানে অন্যান্য দিনের মতই স্বাভাবিক অবস্থা। ঈদের আগের ভিড় বলতে যা বোঝায় তা নেই। তাড়াহুড়া করে গাড়িতে ওঠারও প্রতিযোগিতা নেই এখানে।
সৈয়দপুর যাওয়ার জন্য মাত্র রোববার সন্ধ্যায় এসে টিকেট কেটেছেন ছাত্র মাকসুদ আহমেদ। তিনি বললেন, "আজ তেমন একটা ভিড় নেই। গত তিনদিন ছুটি ছিল বলে অনেকেই চলে গেছে। আবার ঈদের একদিন বা দুদিন আগে ভিড় হবে।"
গাবতলীর এস আর এন্টারপ্রাইজের ব্যবস্থাপক মো. আবুল কালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,"সকালের দিকে জ্যামের কারণে গাড়ির সময়সূচি কিছুটা এদিক-ওদিক হয়েছে। কিন্তু আজ খুব একটা ভিড় নেই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/পিসি/এসকে/২৩০৮ঘ.
bdnews24