বরিশাল, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রায় দুই বছর পর ঢাকা-বরিশাল রুটে যাত্রীবাহী বিমান চলাচল আবার শুরু হয়েছে। রোববার এ রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেছে বেসরকারি বিমান পরিবহন সংস্থা ইউনাইটেড এয়ারওয়েজ।
৩৬ জন যাত্রী নিয়ে ইউনাইটেড এয়ারওয়েজের প্রথম বরিশাল ফ্লাইট সকাল ১১টা ১০ মিনিটে বরিশালের উদ্দেশে ঢাকা ছাড়ে। উড়োজাহাজটি বরিশাল বিমানবন্দরে পৌছে ১১টা ৪৬ মিনিটে। বেলা সোয়া ১২টায় ২৯ জন যাত্রী নিয়ে আবার ঢাকার পথে উড়াল দেয় এটি।
ইউনাইটেড এয়ারওয়েজের জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রতি রবি, মঙ্গল ও বৃহস্পতিবার একটি করে সপ্তাহে মোট তিনটি ফ্লাইট এ রুটে চলবে।
তিনি জানান, একমুখী ভ্রমণের জন্য টিকেটের দাম ধরা হয়েছে করসহ ৪৪৯৫ টাকা। আর দ্বিমুখী ভ্রমণের জন্য ৮৯৯০ টাকা।
এর আগে বেসরকারী সংস্থা এয়ার পারাবত, এ্যারো বেঙ্গল ও জিএমজি ঢাকা-বরিশাল রুটে ফ্লাইট চালালেও ক্রমাগত লোকসানের কারণে তা বন্ধ করে দেয়া হয়। সর্বশেষ বাংলাদেশ বিমানও ২০০৬ সালের ২৯ অক্টোবর ঢাকা-বরিশাল ফ্লাইট বন্ধ করে দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/২২৪৭ ঘ.
bdnews24