ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দু'দিনের প্রবল বর্ষণে শহরাঞ্চলসহ যশোর, পাবনা ও মাগুরা এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
বৃষ্টিতে যশোরে ফসলের উপকার হলেও মাগুরায় ফসল ও মৎস্য সম্পদের ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তারা।
যশোরে পানিতে ডুবে মারা গেছে দুই শিশু।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
যশোর: দু'দিনের প্রবল বর্ষণে শহরের বেশিরভাগ এলাকা তলিয়ে গেছে। অনেকের ঘরের ভেতর পানি ঢুকে পড়েছে। এ বৃষ্টিতে মৌসুমী ফসলের উপকার হয়েছে বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তা আব্দুল হাকিম।
রোববার সকালে পানিতে ডুবে নাহিদ (৬) ও মিনা (৪) নামে শহরের দুই শিশু মারা গেছে। নাহিদ শহরের খালধার রোড এলাকার মো. জুয়েলের ছেলে। মিনা হামিদপুর এলাকার মো. আশিকুলের মেয়ে।
বৃষ্টিতে শহরের ষষ্টিতলাপাড়া, পিটিআই রোড, বেজপাড়া, বিহারিপাড়া, তালতলা, বারান্দিপাড়া, মোল্লাপাড়া, খড়কি, সরকারি এমএম কলেজ সংলগ্ন এলাকা ও সড়কগুলো, শংকরপুর, নাজিরশংকরপুর, মিশনপাড়া, চোপদারপাড়া, টিবি ক্লিনিক এলাকা, ধর্মতলা, রেলরোড, নতুন উপশহরসহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে।
আবহওয়া অফিসের কর্মকর্তারা জানান, রোববার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ২৪ ঘণ্টায় যশোরে ১৯৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
কৃষি কর্মকতা আব্দুল হাকিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বৃষ্টিতে চলতি মৌসুমি ধানের অনেক উপকার হয়েছে। কেননা এর আগে বৃষ্টির অভাবে বিভিন্ন স্থানে মাঠ ফেটে ফসল বিবর্ণ হয়ে গিয়েছিল।"
পাবনা: টানা বর্ষণে পাবনা শহর ও আশপাশের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বর্ষণে শহরের বেশ কয়েকটি রাস্তায় হাঁটু পানি জমে যায়। এতে ঈদে ঘরমুখী মানুষের ভোগান্তি চরমে পৌঁছায়। শেষ মুহূর্তের কেনাকাটায় ছেদ পড়ে।
বৃহস্পতিবার রাত থেকে রোববার এক টানা বর্ষণে শহরের বেলতলা রোড, শালগাড়িয়া, পাথরতলা, দিলালপুর, রাধানগর, কালাচাঁদপাড়া, আটুয়া, গোবিন্দা, নারায়ণপুর, গোপালপুর, ছাতিয়ানী, লাইব্রেরি বাজার এলাকার শতাধিক ঘর বাড়িতে পানি ঢুকে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এ ছাড়া শহরের অধিকাংশ রাস্তা হাঁটু পানিতে ডুবে যায়।
মাগুরা: অবিরাম বৃষ্টিতে চার উপজেলার বিভিন্ন অঞ্চলে ধান, সবজি ও মৎস সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে। ভারী বর্ষণের সঙ্গে দমকা হাওয়ার কারণে মাগুরা-ঝিনাইদহ বৈদ্যুতিক সংযোগ লাইনের তার ছিড়ে যাওয়ায় শনিবার রাত ১১টা থেকে রোববার দুপুর পর্যন্ত গোটা জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।
জেলা কৃষি স
bdnews24