২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানুষ এখন কাঁচাবাজারমুখী

অন্য সব কেনাকাটা শেষ করে ঈদের ঠিক আগ মুহূর্তে মানুষ এখন কাঁচাবাজারমুখী। দেশে ঈদ উৎসবের অন্যতম অঙ্গ সেমাই আর তা রান্নার অন্য উপকরণ সংগ্রহই মূল লক্ষ্য। এর পাশাপাশি পোলাওয়ের চাল, ডাল, মসলা, মাছ, মাংসও কিনছেন সবাই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2008, 11:00 AM

Updated : 26 Aug 2022, 02:26 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অন্য সব কেনাকাটা শেষ করে ঈদের ঠিক আগ মুহূর্তে মানুষ এখন কাঁচাবাজারমুখী। দেশে ঈদ উৎসবের অন্যতম অঙ্গ সেমাই আর তা রান্নার অন্য উপকরণ সংগ্রহই মূল লক্ষ্য। এর পাশাপাশি পোলাওয়ের চাল, ডাল, মসলা, মাছ, মাংসও কিনছেন সবাই। রাজধানীর কারওয়ান বাজার ঘুরে রোববার এ চিত্র দেখা যায়। বাজারে অধিকাংশ পণ্যের দাম গত সপ্তাহের তুলনায় স্থিতিশীল থাকলেও মুরগির দাম বেড়েছে। সাধারণ সেমাই ৬০ থেকে ৭০ এবং লাচ্ছা সেমাই ১১০ থেকে ১২০ টাকায় বিক্রি হতে দেখা যায়। কারওয়ান বাজারের আলতাব জেনারেল স্টোর, গ্রীন জেনারেল স্টোর, শাহানা স্টোরের বিক্রেতারা জানান, ঈদকে সামনে রেখে দুধ, সেমাই, কিসমিস, চিনি, মসলা, পোলাওয়ের চাল এসবের চাহিদাই বেশি। আলমগীর হোসেন নামে এক ক্রেতা বলেন, "সেমাইতো কিনতেই হয়, সঙ্গে মসলাও। আগামী ক'দিনের জন্য মাংসসহ সবই কিনে রাখছি।" আলতাব স্টোরের মালিক আবুল বাশার জানান, লাচ্ছা সেমাই প্রতি কেজি বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়। সাধারণ সেমাই ৬০/৬৫ টাকায় প্রতি কেজি। এছাড়া চিনি প্রতি কেজি ৩৬ টাকা, নারিকেল প্রতিটি ২৫-৩০ টাকা, খোলা পোলাওয়ের চাল ১০০ টাকা, সয়াবিন তেলের ৫ লিটারের বোতল ৫১৯ থেকে ৫২৮ টাকায় বিক্রি হচ্ছে। মাংস বিক্রেতা আলী আকবর ও মানিক জানান, গরুর মাংস প্রতি কেজি ২০০ টাকা আর খাসির মাংস ৩০০ টাকা করে বিক্রি হচ্ছে। মসলার বাজারে বেশ ভিড় দেখা যায়। ব্যবসায়ীরা জানান, প্রতি কেজি আদা ৫০ থেকে ৬০ টাকা, লবঙ্গ ৬০০ টাকা, এলাচি ১১০০ টাকা, জিরা ৩২০ টাকা, কিসমিস ২৪০ টাকা, পেস্তাবাদাম ১১০০ টাকা, বাদাম ৫৪০ টাকা, আলু বোখরা ৩৬০, রসুন ৩০-৩২ টাকা, পেঁয়াজ ২০-৩২ টাকা, বুটের ডাল ৪৩-৪৪ টাকা, ছোলা ডাল ৬৪-৬৫ টাকা থেকে ৫৪-৫৫ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে ইলিশের সরবরাহ ভালো বলে অনেককে ইলিশ কিনতেও দেখা যায়। বড় ইলিশ প্রতি কেজি ৩০০-৩৫০ টাকার মধ্যে বিক্রি হছিল কারওয়ান বাজারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৭০০ ঘ.