চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর কদমতলী আন্তঃজেলা বাস টার্মিনালে রোববার দুপুরে পরিবহন শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়। সংঘর্ষের কারণে তিন ঘণ্টা ওই টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ থাকে। ফলে ঈদে বাড়িমুখো মানুষকে দুর্ভোগে পড়তে হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুর পৌনে ১২টার দিকে স্টেশন থেকে বাস বের হওয়ার লাইনের সিরিয়াল নিয়ে টহলরত পুলিশরা এক বাস চালককে মারধর করে। তখন পরিবহন শ্রমিকরা একজোট হয়ে পুলিশের ওপর হামলা চালায়। তারা কদমতলী-নিউমার্কেট সড়ক অবরোধ করে রাখে।
পরে পুলিশ ও শ্রমিক নেতাদের আলোচনার পর বেলা পৌনে ৩টার দিকে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।
সংঘর্ষের সময় বিক্ষুব্ধ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালায় বলে শ্রমিকরা অভিযোগ করেছে।
সংঘর্ষে আহতদের মধ্যে যাদের পরিচয় পাওয়া গেছে, তারা হলেন- বাসচালক শুক্কুর আলী, বাস শ্রমিক বাবুল, পুলিশ উপ-পরিদর্শক (এসআই) মুজিব, কনস্টেবল মুসা, লাল মিয়া, স্বপন, ওসমান, মোরশেদ, মিন্টু।
আফজাল হোসেন নামে এক শ্রমিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "লাইনের সিরিয়াল নিয়ে বাক-বিতণ্ডার এক পর্যায়ে টহলরত পুলিশ সদস্যরা পালকি পরিবহনের চালক শুক্কুরকে মারধর করে। এতে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। ওই সময় স্টেশনের পাশ দিয়ে যাওয়ার সময় উপপরিদর্শক মুজিবের ওপর হামলা চালায় শ্রমিকরা।"
শ্রমিকরা রাস্তায় অবস্থান নিয়ে কদমতলী-নিউ মার্কেট সড়কে গাড়ি চলাচলও বন্ধ করে দেয়। পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ করে শ্রমিকরা বলেন, পুলিশের গুলিতে আহত হয় বাবুল।
ঈদকে ঘিরে টার্মিনালে ছিল বাড়িমুখো মানুষের ভিড়। সংঘর্ষের কারণে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তাদের পড়তে হয় দুর্ভোগে। ওই স্টেশন থেকে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুরের বাস ছাড়ে।
এর পর বেলা ২টার দিকে শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকে বসেন পুলিশ কর্মকর্তারা। কদমতলী বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ শরিফ এবং চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার হাবিবুর রহমান দুই পক্ষে নেতৃত্ব দেন।
ঘটনার জন্য দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পাওয়ার পরিপ্রেক্ষিতে অবরোধ তুলে নেওয়া হয়েছে বলে শ্রমিক নেতা শরিফ সাংবাদিকদের জানান।
বৈঠক শেষে বেলা পৌনে ৩টা থেকে ওই টার্মিনাল থেকে বাস চলাচল আবার শুরু হয়।
সংঘর্ষের পর মহানগর পুলিশের সহকারী কমিশনার মো. ইলতুৎমিশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ওই ঘটনার জন্য কোনও পুলিশ সদস্য দায়ী থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।"
পুলিশ গুলি চালিয়েছিল কিনা- প্রশ্ন করা হলে তিনি বলেন, "এটাও তদন্ত করে দেখা হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমআই/১৫০৫ ঘ.
bdnews24