ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সারাদেশে শনিবার রাতে পবিত্র লাইলাতুল কদর পালন করেছে মুসলমানরা।
ধর্মপ্রাণ মুসল্লিরা রাত জেগে বিশেষ ইবাদত বন্দেগি ও আল্লাহর কাছে বিশেষ মুনাজাতের মাধ্যমে রাতটি অতিবাহিত করেছেন।
লাইলাতুল কদর উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বিস্তারিত কর্মসূচি নেয়া হয়। এ মসজিদে বিশেষ আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়াও রাজধানীর বিভিন্ন মসজিদসহ সারাদেশের মসজিদগুলোতে এবং ঘরে বসে মুসল্লিরা লাইলাতুল কদর পালন করেন। তারা নফল নামাজ, কুরআন তেলাওয়াত ও জিকির আজকালের মধ্য দিয়ে রাতটি অতিবাহিত করেন।
পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে শনিবার সন্ধ্যায় বঙ্গভবন জামে মসজিদে আয়োজিত এক মিলাদ মাহফিলে রাষ্ট্রপতি ড. ইয়াজউদ্দিন আহম্মেদ
অংশগ্রহণ করেন বলে তথ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
মিলাদ শেষে দেশ ও জাতির অব্যাহত অগ্রগতি, কল্যাণ ও সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্য সংহতির জন্য বিশেষ মোনাজাত করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএজ/জিএনএ/১২২৫ ঘ.
bdnews24