২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারের দাবিতে নড়াইলে আবারও সড়ক অবরোধ

নড়াইল সদর উপজেলার মাইজপাড়া বাজারে কৃষকরা শনিবার সারের দাবিতে মিছিল ও সড়ক অবরোধ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2008, 01:39 PM

Updated : 26 Aug 2022, 02:26 PM

নড়াইল, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নড়াইল সদর উপজেলার মাইজপাড়া বাজারে কৃষকরা শনিবার সারের দাবিতে মিছিল ও সড়ক অবরোধ করেছে। চাহিদা মত সার না পেয়ে কৃষকরা সকাল ৮টা থেকে ১১ টা পর্যন্ত নড়াইল-গড়েরহাট সড়ক অবরোধ করে রাখে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে গেলে কৃষকরা তাদেরও ঘেরা করে। কৃষকদের বিক্ষোভের মুখে নড়াইল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহানারা বেগম ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হন। পরে সেনা সদস্যরা আগামী দুদিনের মধ্যে সারের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিলে কৃষকরা অবরোধ তুলে নেয়। সারের দাবিতে গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সদর উপজেলার তুলারামপুর বাজারে কৃষকরা নড়াইল-যশোর সড়ক অবরোধ করেছিল। এর আগে রোববার কৃষকরা সদর উপজেলার হবখালী ইউনিয়নের পাজারখালীতে নড়াইল-মাগুরা সড়ক পাঁচ ঘণ্টা অবরোধ করে রেখেছিল। মাইজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুর রহমান বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল থেকে কৃষকরা মাইজপাড়া বাজারের ডিলার অলোক কুন্ডুর ও গোপাল বিশ্বাসের দোকানে সারের ভিড় করে। চাহিদা মত সার না পেয়ে তারা বিক্ষুব্ধ হয়ে মিছিল করতে শুরু করেন। তিনি জানান, সকাল ৮টার দিকে কৃষকরা নড়াইল-গড়েরহাট সড়ক অবরোধ করে। খবর পেয়ে ইউএনও জাহানারা বেগম ঘটনাস্থলে আসেন। কিন্তু কৃষকরা তার কথা শুনতে রাজি না হওয়ায় এবং তাদের বিক্ষোভের মুখে তিনি চলে যান বিক্ষুব্ধ কৃষকরা এ সময় নড়াইল সদর থানার উপ-পরিদর্শক আরিফসহ তিন পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে রাখে। পরে আরও কয়েকজন পুলিশ সদস্য ও স্থানীয় সেনা ক্যাম্পের উপ-অধিনায়ক মেজর তারেকসহ সেনা সদস্যরা দুদিনের মধ্যে কৃষকদের সারের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিলে সকাল ১১টার দিকে তারা অবরোধ তুলে নেয়। নড়াইল সদর থানার দায়িত্বরত কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহীদুর রহমান পুলিশ সদস্যদের অবরুদ্ধ হওয়াসহ কৃষকদের বিক্ষোভ ও সড়ক অবরোধের সত্যতা নিশ্চিত করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯২৮ ঘ.