ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর দক্ষিণখানের হলান এলাকায় বৃহস্পতিবার রাতে র্যাবের 'ক্রসফায়ারে' সৈয়দ শিহাবউদ্দীন (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।
র্যাব জানিয়েছে, শিহাব পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) তালিকাভুক্ত সন্ত্রাসী।
শুক্রবার র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব-১ এর সদস্যরা বৃহস্পতিবার রাতে বাড্ডা থানাধীন ভাটারা এলাকায় অভিযান চালিয়ে শিহাবকে আটক করে। তার দেয়া তথ্যের ভিত্তিতে র্যাব-১ ও দক্ষিণখান থানা পুলিশ শিহাবকে নিয়ে অস্ত্র উদ্ধারে হলান এলাকায় যায়। শিহাবের সহযোগীরা বিষয়টি টের পেয়ে গুলিবর্ষণ ও ককটেল ছুড়তে শুরু করলে র্যাব ও পুলিশ সদস্যরাও পাল্টা গুলি চালায়।
১৫/২০ মিনিট গোলাগুলি চলার পর ঘটনাস্থল তল্লাশি করে শিহাব উদ্দিনকে মৃত অবস্থায় পাওয়া যায়।
ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি রিভলবার, ৫ রাউন্ড গুলি, ৬টি ককটেল ও ৪টি বিয়ারের ক্যান উদ্ধার করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
শিহাবের বড় ভাই, সোনালী ব্যাংক বঙ্গবন্ধু অ্যাভিনিউ শাখার কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ শাহীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শিহাবের বিরুদ্ধে দু'টি হত্যাসহ চারটি মামলা রয়েছে। আগে সে দক্ষিণখান এলাকায় থাকলেও গত কয়েকবছর ধরে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান সংলগ্ন এলাকায় থাকে।
শাহীন বলেন, "শিহাব গত কয়েক বছর ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে দূরে ছিল। আইন-শৃঙ্খলা রক্ষকারী বাহিনীর সদস্যরা তাকে ভাল হয়ে যাওয়ার একটা সুযোগ দিতে পারতো।"
শিহাবের একটি পুত্র সন্তান রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/জেকে/এমএইচবি/২১২৯ ঘ.
bdnews24