যশোর, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অভয়নগর উপজেলার বুইকারা গ্রামের পশু হাসপাতালের একটি পরিত্যক্ত ভবন থেকে বৃহস্পতিবার রাতে ছয়টি তাজা হাতবোমা উদ্ধার করেছে র্যাব।
র্যাব-৬ যশোর ক্যাম্পের ইনচার্জ মেজর সারোয়ার হোসেন জানান, সন্ত্রাসীরা ওই ভবনে বৈঠক করছে- এমন খবরের ভিত্তিতে র্যাব সদস্যরা বৃহস্পতিবার রাতে সেখানে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
র্যাব তল্লাশি চালিয়ে ওই ভবন থেকে ছয়টি তাজা হাতবোমা উদ্ধার করে।
তিনি জানান, ঈদ সামনে রেখে যশোরের শিল্প শহর অভয়নগরে ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করে সন্ত্রাসীরা বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। ব্যবসায়ীদের কাছে বিভিন্ন অংকের চাঁদা দাবি করে চিঠিও দিচ্ছে তারা।
গত ২২ সেপ্টেম্বর সন্ধ্যায় সন্ত্রাসীরা অভয়নগর বাজার ও বসুন্দিয়া বাজারে ৮/৯টি বোমার বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় দুইজন ব্যবসায়ী আহতও হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৭৪৪ ঘ.
bdnews24