ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলের মির্জাপুর এলাকায় শুক্রবার সকালে হালকা ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছে।
এ নিয়ে গত এক সপ্তাহে একই এলাকায় ১২ বার ভূমিকম্প অনুভূত হল বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের 'আর্থ অবজারভেটরি'র পরিচালক অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "এ ভূমিকম্পের উৎপত্তিস্থল হল আর্থ অবজারভেটরি থেকে ৬৪ কিলোমিটার উত্তর-পশ্চিমে টাঙ্গাইলের মির্জাপুর এলাকায়। সকাল ১০টা ২৬ সেকেন্ডে অনুভূত হওয়া এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে তিন দশমিক তিন।"
তিনি আরো জানান, টাঙ্গাইলের মধুপুর ফল্ট (চ্যুতি) সক্রিয় হওয়ার কারণে প্রায়ই হালকা থেকে মৃদু ভূমিকম্প হচ্ছে।
এ ধরনের ভূমিকম্পগুলোকে 'ফোরশক' হিসেবে আখ্যায়িত করে অধ্যাপক হুমায়ুন বলেন, "একইস্থানে বারবার ছোটখাট ভূমিকম্প হওয়ায় আগামীতে বড় ভূমিকম্পের আশঙ্কা বাড়ছে।"
এর আগে গত ২০ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অবজারভেটরি থেকে উত্তর-পূর্ব দিকে (টাঙ্গাইল ও মির্জাপুর) ৬৫ থেকে ৭০ কিলোমিটারের মধ্যে পাঁচটি হালকা স্কেলের ভূমিকম্প অনুভূত হয়।
গত ২১ সেপ্টেম্বর একইস্থানে ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত দুই দশমিক ৭ মাত্রা থেকে থেকে তিন দশমিক ৫ মাত্রার আরো ছয়টি ভূমিকম্প রেকর্ড করে আর্থ অবজারভেটরি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এফএফ/জিএনএ/১১৩১ ঘ.
bdnews24