ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বকেয়া বেতন পরিশোধ এবং ঈদ বোনাসের দাবিতে যশোর ও নাটোরে পাটকল শ্রমিকরা বিক্ষোভ করেছেন।
যশোর প্রতিনিধি জানান, বকেয়া বেতন, বোনাসসহ ৭ দফা দাবিতে বৃহস্পতিবার সকালে যশোরের দুটি পাটকলের বদলি শ্রমিকরা কর্মবিরতি পালন করেছে।
খুলনা-যশোর পাটকল বদলি শ্রমিক সমন্বয় কমিটির আহ্বানে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত নওয়াপাড়া শিল্পাঞ্চলের জেজোআই ও কার্পেটিং জুটমিলে এ কর্মবিরতি পালিত হয়। এ সময় শ্রমিকরা বিক্ষোভ মিছিল করে মিলগুলোর কর্মকর্তাদের কার্যালয়ের ভেতর অবরুদ্ধ করে রাখে।
সমন্বয় কমিটির আহ্বায়ক শমসের আলম জানান, বকেয়া বেতন ও বোনাসসহ আমাদের ৭ দফা দাবি না মানা হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
নাটোর প্রতিনিধি জানান, ঈদ বোনাসের দাবিতে বৃহস্পতিবার দত্তপাড়া বিসিক শিল্প নগরীতে নাটোর জুট মিলের কয়েকশ শ্রমিক বিক্ষোভ ও ভাঙচুর করেছে।
মিল কর্তৃপক্ষ জানান, সকালে মিলের কয়েকশ শ্রমিক ঈদ বোনাসের দাবিতে মিলের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এ সময় কিছু শ্রমিক ইট পাটকেল নিক্ষেপ করে।
দুপুরে স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যস্থতায় মিলের মালিক শ্যাম আগরওয়ালার ছেলে সোহান আগরওয়ালা ও শ্রমিক নেতারা বৈঠক করেন। বৈঠকে বোনাস পাওয়ার নিশ্চয়তা পাওয়ায় শ্রমিকরা আবার কাজে যোগ দেয়।
মিল শ্রমিক হাসান সরদার সাংবাদিকদের জানান, প্রতিবারই মালিকপক্ষ পূর্ণাঙ্গ বোনাস দেওয়ার আশ্বাস দিলেও শেষ পর্যন্ত তা দেওয়া হয় না। বেতন দেওয়া হয় প্রতি ঘণ্টায় মাত্র ছয় টাকা। ঈদের সময় এগিয়ে এলেও এখনও পর্যন্ত তাদের বোনাস দেওয়া হয়নি। এজন্য তারা ২৪ ঘণ্টার মধ্যে বোনাস দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন।
মিলের মালিক শ্যাম আগরওয়ালা জানান, প্রতিবছরই তারা বোনাস দিয়ে থাকেন। এবারও দেওয়ার প্রস্তুতি চলছিল। পাটকলের নিয়ম অনুযায়ী কোনো শ্রমিক বছরে ২৪০ দিন কাজ না করলে তাকে বোনাস দেওয়ার বিধান নেই। বিক্ষোভকারী শ্রমিকরা সবাই দিন মজুর। নিয়ম অনুযায়ী তারা বোনাস পেতে পারে না। কিন্তু মানবিক দিক বিবেচনা করে বছরে যারা ন্যূনতম ২২০ দিন কাজ করেছে তাদের বোনাস দেওয়া হবে। শ্রমিকরা এটা মেনে নিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমএআর/এমএসবি/২১৫৫ ঘ.
bdnews24