রাজশাহী, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহীতে হেরোইন পাচার মামলায় রব্বানী নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। তাকে দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাভোগ করতে হবে।
বৃহস্পতিবার অতিরিক্ত দায়রা জজ লুৎফা বেগম এ দণ্ডাদেশ দেন।
দণ্ডিত রব্বানীর বাড়ি পবা উপজেলার হরিপুরে।
২০০৭ সালের ১০ সেপ্টেম্বর নগরীর কাশিয়াডাঙ্গা মোড়ে একটি বাসে তল্লাশি চালিয়ে বাসযাত্রী রব্বানীর কাছ থেকে পুলিশ দুই প্যাকেট হেরোইন উদ্ধার করে।
এ ঘটনায় রাজপাড়া থানায় গোয়েন্দা পুলিশ পরিদর্শক আমিরুল আলম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন। রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম তদন্ত শেষে ২০০৭ সালের ৯ অক্টোবর রাব্বানীর বিরুদ্ধে অভিযোগপত্র দেন। মামলায় আদালত ১০ জনের সাক্ষ্য নিয়েছেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন বিশেষ সরকারি কৌসুলি মাসুম আহমেদ টিপু। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২১৪৭ ঘ.
bdnews24