২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাকাত বোর্ডকে আরও সক্রিয় করার তাগিদ

যাকাত বোর্ডকে আরও সক্রিয় করার তাগিদ দিয়েছেন ধর্ম উপদেষ্টা এবং বোর্ডের চেয়ারম্যান এ এফ হাসান আরিফ। পাশাপাশি যাকাত প্রদান সম্পর্কে জনসচেতনতা সৃষ্টিতে ব্যাপক প্রচার-প্রচারণা শুরুরও নির্দেশ দিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2008, 01:36 PM

Updated : 26 Aug 2022, 02:25 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যাকাত বোর্ডকে আরও সক্রিয় করার তাগিদ দিয়েছেন ধর্ম উপদেষ্টা এবং বোর্ডের চেয়ারম্যান এ এফ হাসান আরিফ। পাশাপাশি যাকাত প্রদান সম্পর্কে জনসচেতনতা সৃষ্টিতে ব্যাপক প্রচার-প্রচারণা শুরুরও নির্দেশ দিয়েছেন তিনি। ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে বুধবার যাকাত বোর্ডের এক সভায় এ ব্যাপারে আলোচনা করা হয়। উপদেষ্টা সভায় সভাপতিত্ব করেন। সভায় উপস্থিত থাকা ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সভায় বোর্ডের বিগত দিনের কর্মকাণ্ড পর্যালোচনা এবং আগামী বছরের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। উপদেষ্টা বোর্ডকে আরো গতিশীল ও কার্যকর করতে এবং যাকাত প্রদান সম্পর্কে জনসচেতনতা সৃষ্টিতে ব্যাপক প্রচার-প্রচারণা শুরু করার নির্দেশ দেন। এছাড়াও প্রতিটি সামর্থ্যবান মানুষ যেন করমুক্ত-যাকাত প্রদানের সুযোগ নিতে পারেন সে ব্যাপারে বোর্ডকে সক্রিয় ভূমিকা রাখারও তাগিদ দেয়া হয় বলে তিনি জানান। সভায় ইসলামিক ফাউন্ডেশনে মহাপরিচালক ফজলুর রহমান বোর্ডের কার্যক্রম সম্পর্কে বলেন, সরকারি যাকাত বোর্ড গঠনের পর গত ২৬ বছরে বোর্ড বিত্তবানদের কাছ থেকে ছয় কোটি ৭০ লাখ টাকা পেয়েছে। এর মধ্যে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এ পর্যন্ত ছয় কোটি নয় লাখ ৪৬ হাজার ৮৭৭ টাকা ব্যয় করা হয়েছে। এ অর্থে এ পর্যন্ত দেশের পাঁচ লাখ ৪৩ হাজার ৩৪২ জন উপকৃত হয়েছে বলে তিনি জানান। দেশের দারিদ্র বিমোচনে বিশাল ভূমিকা রাখার সামর্থ্য যাকাত বোর্ডের থাকা স্বত্ত্বেও বিত্তবানদের কাছ থেকে আশানুরূপ সাড়া না পাওয়ায় বোর্ড কাঙ্খিত লক্ষ্য অর্জন করতে পারেনি বলে তিনি মন্তব্য করেন। সভায় আরো উপস্থিত ছিলেন বোর্ডের সদস্য সচিব ও ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ফজলুর রহমান, সাবেক ধর্ম সচিব শফিউদ্দিন আহমেদ ও বোর্ডের অন্যান্য সদস্যরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কিউএইচ/এমএইচবি/১৯২৭ ঘ.