২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-কলকাতা রুটে ইউনাইটেড এয়ারের ফ্লাইট শুরু

ঢাকা-কলকাতা রুটে ফ্লাইট চালুর মধ্য দিয়ে বুধবার থেকে বেসরকারি বিমান সংস্থা ইউনাইটেড এয়ারওয়েজ আন্তর্জাতিক রুটে বিমান চালানো শুরু করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2008, 11:52 AM

Updated : 26 Aug 2022, 02:25 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-কলকাতা রুটে ফ্লাইট চালুর মধ্য দিয়ে বুধবার থেকে বেসরকারি বিমান সংস্থা ইউনাইটেড এয়ারওয়েজ আন্তর্জাতিক রুটে বিমান চালানো শুরু করেছে। বুধবার ইউনাইটেড এয়ারওয়েজের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক রুটে তাদের প্রথম এই ফ্লাইটের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন তাসবিরুল আহমেদ চৌধুরী। এ সময় প্রতিষ্ঠানটির অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঢাকা-কলকাতা রুটের জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে একবার যাওয়া বা আসার জন্য ৭০০৯ টাকা এবং যাওয়া-আসা একসঙ্গে ১৩৩১৪ টাকা (ট্যাক্সসহ)। প্রতিদিন বিকাল ৩টা ২০ মিনিটে ঢাকা ছেড়ে যাওয়া বিমানটি ঢাকা-কলকাতা-ঢাকা পথে একবার চলাচল করবে। ইউনাইটেড এয়ারওয়েজ কানাডার ড্যাশ-৮-১০০ মডেলের বিমান চালাবে এই রুটে। এতদিন ইউনাইটেড এয়ারওয়েজ শুধু ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, যশোর ও কক্সবাজার রুটে চলাচল করত। আগামী ২৮ সেপ্টেম্বর তারা ঢাকা-বরিশাল রুটে ফ্লাইট চলাচল শুরু করবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। ২০০৭ সালের ১০ জুলাই দেশের বিমান পরিবহন খাতে প্রথম পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে ইউনাইটেড এয়ারলাইন্স যাত্রা শুরু করে। গত বছর ইউনাইটেড এয়ারওয়েজকে আন্তর্জাতিক সেক্টরে যাত্রী (প্যাসেঞ্জার) ও কার্গো পরিবহনের জন্য আনুষ্ঠানিক লাইসেন্স দেয় বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এসকে/১৭৪৫ঘ.