২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে ঘুষ নেওয়ার অভিযোগে পুলিশ কর্মকর্তা বরখাস্ত

ঘুষ নেওয়ার অভিযোগে শরণখোলা থানার সহকারী উপ-পরিদর্শক নাসির উদ্দিনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বাগেরহাটের পুলিশ সুপার আওলাদ আলী ফকির রোববার এ আদেশ দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2008, 01:54 PM

Updated : 26 Aug 2022, 02:24 PM

বাগেরহাট, সেপ্টম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘুষ নেওয়ার অভিযোগে শরণখোলা থানার সহকারী উপ-পরিদর্শক নাসির উদ্দিনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বাগেরহাটের পুলিশ সুপার আওলাদ আলী ফকির রোববার এ আদেশ দেন। আওলাদ আলী ফকির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঘুষ গ্রহণের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।" তিনি জানান, সহকারী উপ-পরিদর্শক নাসির উদ্দিন শুক্রবার সন্ধ্যায় শরণখোলার রায়েন্দা বাজার থেকে জাহাঙ্গীর খান নামে এক কাঠমিস্ত্রীকে আটক করে এবং পরে তাকে ছেড়ে দেওয়ার জন্য তার স্ত্রী আসমা বেগমের কাছে পাঁচ হাজার টাকা ঘুষ চান। আসমা বেগম তাৎক্ষণিকভাবে তিন হাজার টাকার বিনিময়ে তার স্বামীকে ছাড়িয়ে আনেন। বিষয়টি তিনি (পুলিশ সুপার) জানতে পেরে ঘটনা তদন্তের নির্দেশ দেন। সহকারী পুলিশ সুপার এবিএম জাকির হোসেন ঘটনা তদন্ত করে প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা খুঁজে পান। পুলিশ সুপার জানান, বরখাস্তকৃত নাসিরকে জেলা পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯৩৩ ঘ.