২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে সেমাই কারখানা বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

অনুমোদন ছাড়া পণ্য উৎপাদন ও বাজারজাত করার এবং অপরিচ্ছন্নতার অভিযোগে সোমবার দুপুরে সাভারে নুসরাত ফুড প্রোডাক্টস নামের একটি সেমাই কারখানা বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2008, 01:28 PM

Updated : 26 Aug 2022, 02:24 PM

সাভার, ২২ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অনুমোদন ছাড়া পণ্য উৎপাদন ও বাজারজাত করার এবং অপরিচ্ছন্নতার অভিযোগে সোমবার দুপুরে সাভারে নুসরাত ফুড প্রোডাক্টস নামের একটি সেমাই কারখানা বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নষ্ট করা হয়েছে দুই হাজার ৩০০ কেজি ভেজাল সেমাই। ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাভার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. জসীম উদ্দীন জানান, অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি করার অভিযোগে এবং পণ্যের মান নিয়ন্ত্রণ সংস্থা- বিএসটিআই'র অনুমোদন না থাকায় কারখানার মালিক আবু বক্কর সিদ্দীককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া কারখানাটি বন্ধ করে দেওয়া হয়েছে বলেও তিনি জানান। সাভার থানার সহকারী উপ-পরিদর্শক মনোয়ার হোসেন জানান, নুসরাত ফুড প্রোডাক্টস দীর্ঘদিন ধরে ভেজাল 'মদিনা লাচ্ছা সেমাই' ও 'আমার চয়েস' চানাচুর তৈরি করে বাজারজাত করে আসছিল। তিনি জানান, দুপুর ২টার দিকে ওই কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিএসটিআই'র পরিদর্শক মো. মোমেন উস সাজ্জাদও ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমএসবি/১৯১৩ ঘ.