ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামিনে মুক্তি পেয়ে দলীয় প্রধান শেখ হাসিনার স্থায়ী মুক্তির দাবি জানিয়েছেন আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিম। জরুরি অবস্থা তুলে নেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। শেখ হাসিনার ফুপাতো ভাই সেলিমের দাবি, তার বিরুদ্ধে করা সব মামলাই ভিত্তিহীন।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী শেখ সেলিম গ্রেপ্তার হওয়ার এক বছরেরও বেশি সময় পর সোমবার দুপুরে জামিনে ছাড়া পান।
মুক্তির পরপরই তিনি এ সব কথা বলেন। তাকে গত বছরের ২৯ মে গ্রেপ্তার করা হয়।
সোমবার দুপুর ১২টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেল থেকে মুক্তি পান শেখ সেলিম। কারা উপ-মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "১২টার দিকে শেখ সেলিমের প্রিজন সেল থেকে কারারক্ষী সরিয়ে নেওয়া হয়।"
শেখ সেলিমের মুক্তির খবরে হাসপাতাল চত্বরে ভিড় জমায় আওয়ামী লীগ নেতা-কর্মীরা। থেকে থেকে 'জয় বাংলা-জয় বঙ্গবন্ধু' স্লোগান দিচ্ছিল তারা। প্রিজন সেল থেকে বেরিয়ে এলে নেতাকর্মীরা সেলিমকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়।
ওই সময় শেখ সেলিম বলেন, "আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে স্থায়ী মুক্তি দিতে হবে। আওয়ামী লীগের আটক সব নেতা-কর্মীদেরও মুক্তি দিতে হবে। তুলে নিতে হবে জরুরি অবস্থা।"
তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো 'মিথ্যা' দাবি করে শেখ সেলিম বলেন, "সুষ্ঠু তদন্ত ও প্রচলিত আইনে বিচার হলে আমি নির্দোষ প্রমাণিত হব।"
আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন, হাসপাতাল থেকে শেখ সেলিম ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন; এরপর তিনি বনানীর বাসায় যাবেন।
বিচারাধীন দুটি মামলায় জামিন পেয়ে ছাড়া পেলেন শেখ সেলিম। এর মধ্যে একটি চাঁদাবাজির মামলা এবং অপরটি অবৈধ সম্পদ অর্জন সংক্রান্ত দুর্নীতির মামলা।
চাঁদাবাজি মামলার বাদি ব্যবসায়ী আজম জে চৌধুরী। এ মামলায় শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাও আসামি।
গত বছরের ১৩ জুন দায়ের করা এ মামলায় অভিযোগ করা হয়, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র স্থাপন প্রকল্পের কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে আসামিরা বাদির কাছ থেকে ২ কোটি ৯৯ লাখ ৫০০ টাকা চাঁদা নেন।
গত ১৩ জানুয়ারি মামলার অভিযোগ গঠন হয়।
সেলিমের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও সম্পত্তির তথ্য গোপনের মামলাটি করে দুর্নীতি দমন কমিশন। গত ২৩ এপ্রিল এ মামলা দায়ের হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমএআর/এমআই/১৩১৬ ঘ.
bdnews24