ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বুড়িগঙ্গায় ডাকাতির সময় রোববার রাতে ছয় নৌ ডাকাতকে ধরে পিটুনি দিয়েছে স্থানীয় জনতা। এদের মধ্যে গুরুতর আহত চারজনকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দু'জনকে আটক করেছে র্যাব।
হাসপাতালে চিকিৎসাধীন চার জনের মধ্যে তিনজন হলেন- শহীদুল ইসলাম (৩০), ইসমাইল হোসেন (৩২) ও মফিজ (৩০)। সংজ্ঞাহীন থাকায় চতুর্থজনের পরিচয় জানা যায়নি। র্যাবের হাতে আটক বাকি দু'জনেরও নাম জানা যায়নি।
দক্ষিণ কেরাণীগঞ্জ থানার উপ-পরিদর্শক নজরুল ইসলাম জানান, রাত ১০টার দিকে কামরাঙ্গীর চরের হাফেজী হুজুরের ঘাট থেকে কেরাণীগঞ্জের পটকাজোর ঘাটে পারপারের সময় একটি খেয়া নৌকায় হামলা চালায় ডাকাতরা। এ সময় নৌকার যাত্রীদের চিৎকারে নদীর দু'পাড়ের লোকজন নৌকা ও স্পিডবোট নিয়ে এগিয়ে আসে। কেরাণীগঞ্জ ও দক্ষিণ কেরাণীগঞ্জ থানা পুলিশও স্পিডবোট নিয়ে ডাকাতদের ধাওয়া করে। এক পর্যায়ে কালীগঞ্জ বরাবর বুড়িগঙ্গায় নৌকাসহ ছয় ডাকাতকে ধরে ফেলে জনতা। তাদের পিটুনিতে চার ডাকাত গুরুতর আহত হয়। পালানোর সময় র্যাব বাকি দুই ডাকাতাকে আটক করে।
ওই দুই জন র্যাব হেফাজতেই রয়েছে বলে উপ-পরিদর্শক নজরুল জানান।
তিনি জানান, ডাকাতদের কাছ থেকে চারটি ধারাল অস্ত্রও উদ্ধার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ইকবাল হোসেন জানান, খেয়া নৌকাটি হাফেজী হুজুরের ঘাট থেকে পটকাজোর ঘাটে যাওয়ার সময় ডাকাতের কবলে পড়ে। এ সময় যাত্রীদের চিৎকারে তীরের লোকজন ধাওয়া করে ডাকাতদের আটক করে।
কেরাণীগঞ্জের বাসিন্দা ইকবাল জানান, প্রতিবছরই ঈদের আগে নদীতে সন্ত্রাসীদের উপদ্রব বেড়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/জেকে/
bdnews24