বরগুনা, সেপ্টেম্বর ২১ (বিডনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরগুনার কচিখালী ছোট পক্ষিদিয়া এলাকায় সাগরে মাছ ধরার সময় শনিবার গভীর রাতে ১২টি ট্রলার ডাকাতি হয়েছে। ডাকাতরা একটি ট্রলারসহ ১২ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে।
এছাড়া মাছ, জাল, জ্বালানি তেল ও ট্রলারের ইঞ্জিনের যন্ত্রাংশসহ ১৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করেছে তারা।
অপহৃত জেলেদের মুক্তির বিনিময়ে ডাকাতরা ৬ লাখ টাকা দাবি করেছে বলে বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।
তিনি জানান, জলদস্যু জিয়াদ বাহিনী 'টোকেন' (চাঁদা দিয়ে জলদস্যুদের কাছ থেকে পাওয়া এক ধরনের কাগজ) না থাকায় এসব ট্রলারে ডাকাতি হয়েছে। ডাকাতরা মাছুয়া তুষখালীর হারুন অর রশিদ, মানিকসহ ১২ জেলেকে অপহরণ করে সুন্দরবনের গভীর অরণ্যে নিয়ে গেছে।
তিনি জানান, চলতি বছর মে মাস থেকে এ পর্যন্ত ১৫৫ জন জেলেকে মুক্তিপণের দাবিতে অপহরণ করা হয়েছে। এদের প্রত্যেককেই মুক্তিপণ দিয়ে ফিরে আসতে হচ্ছে বলে জানান তিনি।
পাথরঘাটার মৎস্য ব্যবসায়ী টিপু খান জানান, 'টোকেন' সংগ্রহ না করে জেলেরা সাগরে যেতে পারছে না।
বরগুনা কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার জাহাঙ্গীর আলম জানান, জেলেরা কোস্টগার্ডকে না জানিয়ে চাঁদা দিয়ে 'টোকেন' সংগ্রহ করে। জেলেদের সহযোগিতার আশ্বাস দেওয়া হলেও তারা প্রাণ হারানোর ভয়ে সাহায্য নিতে চায় না বলে জানান তিনি।
বিডিনিইজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/২০৪৪ ঘ.
bdnews24