সিলেট, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সিলেটে মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের ওপর গ্রেনেড হামলা মামলায় জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ প্রধান মুফতি আবদুল হান্নানসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে।
শনিবার দুপুরে সিলেটের মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক মো. জুবের আহমদ।
রোববার বিকেলে জুবের আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দীর্ঘ তদন্তে যা কিছু সত্য পেয়েছি তাই অন্তর্ভুক্ত করে শনিবার অভিযোগপত্র দাখিল করেছি।"
তিনি জানান, হাকিম রফিকুল আলম অভিযোগপত্রটি গ্রহণ করেছেন।
২০০৪ সালের ৭ আগস্ট সিলেট নগরীর তালতলায় গুলশান সেন্টারের সামনে মহানগর আওয়ামী লীগের সভা শেষ হওয়ার মুহূর্তে মেয়র কামরানকে লক্ষ্য করে গ্রেনেড হামলা চালানো হয়।
হামলায় মারা যান সিলেট মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. ইব্রাহীম। আহত হন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজসহ ৩৫ জন।
সিআইডি কর্মকর্তা জুবের আহমদ জানান, অভিযুক্তরা হলেন- হরকাতুল জিহাদের প্রধান মুফতি আবদুল হান্নান, গ্রেনেড সরবরাহকারী মুফতি আবু জান্দাল, মুফতি হান্নানের ভাই মহিবুল্লাহ ওরফে অভি, হরকাতুল জিহাদ ক্যাডার শরীফ শাহেদুল আলম বিপুল, দেলওয়ার হোসেন রিপন ও হুমায়ুন কবির হিমু।
এর মধ্যে মুফতি হান্নান, শরীফ শাহেদুল আলম বিপুল ও মো. দেলোয়ার হোসেন রিপন হামলার ব্যাপারে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
পূর্ণাঙ্গ পরিচয় না পাওয়ায় ফখরুল ইসলাম ফাহিম নামের এক জঙ্গির নাম অভিযোগপত্র থেকে বাদ দেওয়া হয়েছে। আহসান উল্লাহ ওরফে কাজল নামের আরেক জঙ্গি মারা গেছেন।
তিনি জানান, তদন্তে অভিযোগ প্রমাণিত না হওয়ায় নয়জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। এরা হলেন- আওয়ামী লীগ নেতা এবং বর্তমানে যুক্তরাজ্য প্রবাসী এসএম নুনু মিয়া, ছাত্রলীগ নেতা বিধান চন্দ্র সাহা, রনজিত সরকার, মো. ইকবাল হোসেন, নিশু কাপালী, আবুল কালাম ওরফে আবু, মইনুল ইসলাম, বদরুল আলম মিজান ও হাফিজ সৈয়দ নাঈম আহমদ আরিফ।
জুবের আহমদ জানান, অভিযোগপত্রে সাক্ষী করা হয়েছে ৬৪ জনকে।
কামরানের ওপর গ্রেনেড হামলার ঘটনায় কোতয়ালি থানায় করা এ মামলার প্রথম তদন্ত কর্মকর্তা ছিলেন উপপরিদর্শক ফজলুল আলম। পরে মামলাটি তদন্ত করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মুন্সি আতিকুর রহমান। সর্বশেষ সিআইডির পরিদর্শক জুবের খান প্রায় দেড় বছর তদন্ত করে মামলার অভিযোগপত্র দিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯২৪ ঘ.
bdnews24