২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদের আসন সীমানা সংক্রান্ত রিটের চূড়ান্ত শুনানির আবেদন ইসির

জাতীয় সংসদের সীমানা পুনর্নির্ধারণের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের চূড়ান্ত শুনানির আবেদন করেছে নির্বাচন কমিশন (ইসি)। বিচারপতি নাজমুন আরা সুলতানা ও বিচারপতি মো. রেজাউল হকের অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চে রোববার ইসির পক্ষের কৌঁসুলী ড. শাহদীন মালিক ওই আবেদন জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2008, 11:46 AM

Updated : 26 Aug 2022, 02:24 PM

ঢাকা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদের সীমানা পুনর্নির্ধারণের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের চূড়ান্ত শুনানির আবেদন করেছে নির্বাচন কমিশন (ইসি)। বিচারপতি নাজমুন আরা সুলতানা ও বিচারপতি মো. রেজাউল হকের অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চে রোববার ইসির পক্ষের কৌঁসুলী ড. শাহদীন মালিক ওই আবেদন জানান। রিটটির ওপর চূড়ান্ত শুনানির দিন ধার্য করা হবে কিনা বা হলে কবে হবে- সে বিষয়ে আদালত সোমবার সিদ্ধান্ত দেবে বলে জানিয়েছে। গত ৬ আগস্ট সাবেক প্রতিমন্ত্রী ও ঢাকা-২ আসনে সাবেক বিএনপি সাংসদ আবদুল মান্নান রিটটি দায়ের করেন। আদালতে আবেদন জানানোর পর শাহদীন মালিক সাংবাদিকদের বলেন, "জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। তাই সংসদের আসন সীমানা পুনর্নির্ধারণের বিষয়টির ফয়সালা হওয়া উচিত। এ জন্য চূড়ান্ত শুনানির আবেদন জানানো হয়েছে।" এ রিটের পরিপ্রেক্ষিতে গত ৭ আগস্ট হাইকোর্ট জাতীয় সংসদের সীমানা পুনর্নির্ধারণের গেজেটের কার্যতারিতা তিন মাসের জন্য স্থগিত করে। পাশাপাশি হাইকোর্ট সীমানা পুনর্নির্ধারণের গেজেট কেন সংবিধান পরিপন্থী ও বাতিল ঘোষণা করা হবে না- তার কারণ জানতে চেয়ে ইসি ও সরকারের প্রতি রুল জারি করে। গত ১০ জুলাই সংসদের আসন সীমানা পুনর্নির্ধারণ করে গেজেট প্রকাশ করা হয়। এর আগে আবদুল মান্নানের আরেক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১২ মে জাতীয় সংসদের ১৩৩ আসনের সীমানা পুনর্নির্ধারণের নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ও বেআইনি ঘোষণা করা হবে না- তার কারণ জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করে। সেই রিটটিও হাইকোর্টে চূড়ান্ত শুনানির অপেক্ষায় রয়েছে। গত ২৯ এপ্রিল ইসি জাতীয় সংসদের ১৩৩ আসনের সীমানা প্রাথমিকভাবে পুনর্নির্ধারণ করেছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমআই/১৭৩৭ ঘ.