২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অমাবশ্যার আগেই বাঁধ সংস্কার চায় ভোলার তিন গ্রামের মানুষ

সাগরে নিম্নচাপ এবং সেই সঙ্গে অস্বাভাবিক জোয়ারে গত সপ্তাহে ভোলার চরফ্যাশনের বেতুয়া সামরাজ বেড়ি বাঁধ ভেঙে গেছে। এতে প্রায় পাঁচশ' একর জমির ফসল তলিয়ে গেছে; ভেসে গেছে প্রায় একশ' পুকুরের মাছ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2008, 10:58 AM

Updated : 26 Aug 2022, 02:24 PM

ভোলা, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাগরে নিম্নচাপ এবং সেই সঙ্গে অস্বাভাবিক জোয়ারে গত সপ্তাহে ভোলার চরফ্যাশনের বেতুয়া সামরাজ বেড়ি বাঁধ ভেঙে গেছে। এতে প্রায় পাঁচশ' একর জমির ফসল তলিয়ে গেছে; ভেসে গেছে প্রায় একশ' পুকুরের মাছ। কৃষকরা বলছেন, আমাবশ্যা তিথির আগে বিকল্প বাঁধ নির্মাণ করা না হলে উপজেলার আরও ২৫ হাজার একর জমির ফসল তলিয়ে যাবে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, মাদ্রাজ ইউনিয়নের তিনটি গ্রাম নিউটন, মফিজাবাদ ও মোহাম্মদপুর গত ক'দিন ধরে ৪/৫ ফুট পানির নিচে। গত মঙ্গল ও বুধবার বঙ্গোপসাগরে নিম্নচাপ আর দমকা হাওয়ার সঙ্গে পূর্ণিমা তিথির অস্বাভাবিক জোয়ারের তোড়ে এ ইউনিয়নে পানি উন্নয়ন বোর্ডের বেতুয়া থেকে সামরাজ স্লুইস গেট পর্যন্ত সাত কিলোমিটার বেড়ি বাঁধ ভেঙে যায়। এতে বিস্তীর্ণ এলাকায় পানি ঢুকে পড়ে। এ সময় বাঁধের ছয় কিলোমিটার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সম্পূর্ণভাবে ধসে পড়েছে প্রায় এক কিলোমিটার বাঁধ। গ্রামবাসীরা জানায়, এই তিন গ্রামের প্রায় পাঁচশ' একর জমির ফসল পানিতে তলিয়ে গেছে। অন্তত একশ' পুকুরের মাছ ভেসে গেছে। নদীর তীর ঘেঁষে গড়ে ওঠা একটি মাদ্রাসা কোনও রকমে দাঁড়িয়ে আছে। যে কোনও সময় এটি বিলীন হয়ে যেতে পারে। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহিন মালতিয়া বলেন, "ক্ষতিগ্রস্ত এলাকায় বিকল্প বেড়ি বাঁধ নির্মাণ ও মেঘনা তীরে সিসি ব্লক স্থাপন করা না হলে আগামী অমাবশ্যা তিথিতে উপজেলার অন্তত ২৫ হাজার একর আবাদি জমি প্লাবিত হবে।" বেতুয়া-সামরাজ বাঁধ রক্ষায় পাউবো কর্তৃপক্ষ বেশ ক'দিন ধরে বাঁশ দিয়ে পাইলিং করছে। তবে স্থানীয়রা বলছেন, এ ধরনের প্রচেষ্টায় কোনও ফল আসবে না। চেয়ারম্যান শাহিন মালতিয়া জানান, পানি উন্নয়ন বোর্ডের বরিশাল অঞ্চলের প্রধান প্রকৌশলী আব্দুল ওয়াদুদ ভূইয়া শুক্রবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। তবে এখনও তেমন কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। ভোলা পানি উন্নয়ন বোর্ড এর নির্বাহী প্রকৌশলী মো. ফেরদাউস জানান, চরফ্যাশন-মনপুরা-শহর রক্ষা প্রকল্পে ক্ষতিগ্রস্ত এলাকায় নদী তীর রক্ষা ও সংরক্ষণ কাজের প্রস্তাব রয়েছে। ৭৫ কোটি টাকার প্রকল্প প্রস্তাবটি সরকার অনুমোদন করলে এই এলাকা মেঘনার হাত থেকে রক্ষা করা যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমএসবি/১৬৫১ ঘ.