চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রামের কুতুবদিয়া চ্যানেলে একটি লাইটার জাহাজ (লাইটার কার্গো ভেসেল) থেকে সাগরে পড়ে এক শ্রমিক নিখোঁজ রয়েছেন।
গিয়াস উদ্দিন মজুমদার নামের এ শ্রমিক বুধবার মধ্যরাতের দিকে জাহাজ থেকে পড়ে যাওয়ার পর এখন পর্যন্ত তাকে পাওয়া যায়নি।
নিখোঁজ গিয়াস একটি স্টিভিডোরিং প্রতিষ্ঠানের পক্ষ থেকে ওই লাইটার জাহাজে তত্ত্বাবধায়ক হিসেবে কর্মরত ছিলেন।
এমভি ড্যানৌজ নামের একটি জাহাজ থেকে গম খালাসের কাজ করছিল এমভি আবু বকর নামের ওই লাইটার জাহাজ।
এমভি ড্যানোজের স্থানীয় প্রতিনিধি লিটমন্ড শিপিং এর পরিচালক বেলায়েত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এমভি ড্যানোজে ওঠার সময় গিয়াস সাগরে পড়ে যান।
তিনি জানান, নিখোঁজ শ্রমিককে উদ্ধারের চেষ্টা চলছে।
বন্দর রেডিও কন্ট্রোল কর্মকর্তা জহুর আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বন্দরের জলসীমার বাইরে একটি লাইটার জাহাজ থেকে পড়ে একজন শ্রমিক নিখোঁজ রয়েছেন বলে তারা শুনেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/২১৩০ ঘ.
bdnews24