২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও টিকাদানের শেষ সময় ৩০ অক্টোবর

২০০৮ সালের সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনার হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও টিকাদানের জন্য বোর্ড গঠন ও কার্যক্রম শুরু হয়েছে। আগামী ৩০ অক্টোবর হবে এর শেষ সময়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2008, 12:35 PM

Updated : 26 Aug 2022, 02:23 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০৮ সালের সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনার হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও টিকাদানের জন্য বোর্ড গঠন ও কার্যক্রম শুরু হয়েছে। আগামী ৩০ অক্টোবর হবে এর শেষ সময়। বৃহস্পতিবার এক সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়, ঢাকা জেলা ও মহানগরীর হজযাত্রীদের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, মিটফোর্ড হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল ও সরকারি কর্মচারী হাসপাতাল, বিভাগীয় শহরের হজযাত্রীদের জন্য সরকারি মেডিকেল কলেজ হাসপাতালসমূহ এবং অন্যান্য জেলার হজযাত্রীদের জন্য সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনের কার্যালয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। সব হজযাত্রীকে নির্ধারিত সময়ের মধ্যে মেডিকেল বোর্ডে উপস্থিত হয়ে স্বাস্থ্য পরীক্ষা ও টিকা নিয়ে সনদপত্র সংগ্রহ করতে অনুরোধ জানানো হয়েছে। তথ্য বিবরণীতে আরও জানানো হয়, অক্টোবর মাসের শেষ সপ্তাহ থেকে ঢাকার আশকোনায় হজ ক্যাম্পে বিশেষ ব্যবস্থায় মেডিকেল বোর্ড চালু হবে। নির্ধারিত মেডিকেল বোর্ডে হাজির হতে ব্যর্থ বা স্বাস্থ্য ও টিকা সনদপত্র হারিয়ে ফেলা হজযাত্রীরা এই ক্যাম্পের চিকিৎসা কেন্দ্র থেকে স্বাস্থ্য পরীক্ষা ও টিকা নিতে পারবেন। স্বাস্থ্য সনদ ছাড়া সৌদি কর্তৃপক্ষ কোন হজযাত্রীকে সৌদি আরবে প্রবেশের অনুমতি দেয় না বলে তথ্য বিবরণীতে সতর্ক করে দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এসকে/১৮২৭ঘ.