২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাখালীতে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ, সড়ক অবরোধ

গার্মেন্টস শ্রমিকরা বেতন ও বোনাসের দাবিতে বৃহস্পতিবার সকালে প্রায় ৩ ঘণ্টা গুলশান এক নম্বর থেকে মহাখালী পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে। এ সময় ওই রাস্তায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল এবং সড়কে ব্যাপক যানজট তৈরি হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2008, 11:19 AM

Updated : 26 Aug 2022, 02:23 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গার্মেন্টস শ্রমিকরা বেতন ও বোনাসের দাবিতে বৃহস্পতিবার সকালে প্রায় ৩ ঘণ্টা গুলশান এক নম্বর থেকে মহাখালী পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে। এ সময় ওই রাস্তায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল এবং সড়কে ব্যাপক যানজট তৈরি হয়। গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার এস এম মেহেদী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার মহাখালী এলাকার দোয়েল গার্মেন্টসের শ্রমিকদের আগস্ট মাসের বেতন, বোনাস ও ওভারটাইমের অর্থ দেওয়ার কথা ছিল। সকালে কাজে এসে শ্রমিকরা জানতে পারে তাদের বেতন দেওয়া হবে না। এরপরই তারা রাস্তায় নেমে পড়ে। গুলশান থানার কর্তব্যরত কর্মকর্তা ইমতিয়াজ এম কে ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকরা রাস্তা অবরোধ করে। এ সময় পুলিশ তাদের অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানালে শ্রমিকরা আরো উত্তেজিত হয়ে উঠে। এর পর পুলিশের সঙ্গে আলোচনা করে মালিকপক্ষ বৃহস্পতিবার দিনের মধ্যে বেতন পরিশোধ এবং আগামী সপ্তাহে বোনাস ও ওভারটাইম দেওয়ার কথা জানালে শ্রমিকরা বেলা পৌনে ১টার দিকে অবরোধ তুলে নেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/টিএইচ/এসকে/১৭১৪ঘ.