ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লল্ডনে তারেক রহমানের চিকিৎসার ব্যয় বহন করবেন তার মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও পরিবার।
বিএনপির প্রচার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা (সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উপ-তথ্যসচিব) মারুফ কামাল খান সোহেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বুধবার জানান, চিকিৎসা ব্যয়ের একটি অংশ একজন আইনজীবীর মাধ্যমে লন্ডনে পাঠানোর ব্যবস্থা হয়েছে।
মারুফ কামাল বলেন, "গুরুতর অসুস্থ তারেক রহমানের চিকিৎসা ব্যয় মেটাতে দেশ-বিদেশের অনেকেই আগ্রহী। কিন্তু তার চিকিৎসার সম্পূর্ণ ব্যয় ম্যাডামসহ (খালেদা জিয়া) পরিবারের সদস্যরাই বহন করবেন বলে সিদ্ধান্ত হয়েছে।"
তারেক রহমান গত ১১ সেপ্টেম্বর রাতে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে রওনা হন। এর আগে তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব পদ থেকে ইস্তফা দেন।
তারেকের সঙ্গে তার স্ত্রী ডা. জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান লন্ডনে তার সঙ্গে রয়েছেন।
গত বছরের ৭ মার্চ ঢাকা সেনানিবাসে শহীদ মইনুল সড়কের বাসা থেকে তারেককে গ্রেপ্তার করা হয়। মেরুদণ্ড ও কোমরে ব্যথার কারণে তাকে পরে কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভার্তি করা হয়। ১২টি মামলায় উচ্চ আদালত থেকে জামিন হওয়ার পর গত ৩ সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেল থেকে মুক্তি পান তারেক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/এমএইচবি/২০২২ ঘ.
bdnews24