২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সব দলের সঙ্গে একত্রে বসার উদ্যোগ নিতে পারে সরকার

চলমান সংলাপ শেষ হলে গুরুত্বপূর্ণ ইসুতে ঐক্যমতে পৌঁছতে সরকার সব দলের সঙ্গে একসঙ্গে বসার উদ্যোগ নিতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2008, 11:24 AM

Updated : 26 Aug 2022, 02:23 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলমান সংলাপ শেষ হলে গুরুত্বপূর্ণ ইসুতে ঐক্যমতে পৌঁছতে সরকার সব দলের সঙ্গে একসঙ্গে বসার উদ্যোগ নিতে পারে। স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল বুধবার সচিবালয়ে তার কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। আনোয়ারুল ইকবাল আরও জানান, প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ চীন সফর শেষে দেশে ফিরে জাতীয় নির্বাচনের দিনক্ষণসহ বিভিন্ন ইস্যুতে জাতির উদ্দেশে ভাষণ দিতে পারেন। তবে নির্বাচনের চূড়ান্ত তারিখ ও তফসিল নির্বাচন কমিশনই ঘোষণা করবে। একই সঙ্গে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে পৃথক সংলাপ শেষে একটি চূড়ান্ত সুপারিশমালা প্রণয়নের পাশাপাশি বিভিন্ন ইস্যুতে ঐক্যমতে পৌঁছতে সকল দলের সঙ্গে একসঙ্গে বসার উদ্যোগ নেওয়া হতে পারে। দুই শীর্ষ নেত্রীকে একসঙ্গে বসানোর সরকারি পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে আনোয়ারুল ইকবাল বলেন, "আমরা তো চাই শুধু দুই নেত্রী নয়, সকল রাজনৈতিক দলকে একসঙ্গে বসাতে। এজন্য পৃথক পৃথক সংলাপ শেষেই সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হবে। তবে এক্ষেত্রে দলগুলোর আগ্রহকে প্রাধান্য দেওয়া হবে।" তিনি আরও বলেন, "বিভিন্ন ইস্যুতে দুই নেত্রীর একসঙ্গে বসা উচিত। কারণ দেশের জন্য তাদের অনেক অবদান রয়েছে। সরকার অবশ্যই বিভিন্ন ইস্যুতে ঐক্যমতের জন্য দুই নেত্রীকে একসঙ্গে বসানোর উদ্যোগ নেবে।" রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের সুপারিশগুলো নিয়ে কোন 'সনদ' তৈরি করা হবে কিনা- এ প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, "সনদ বা কোন নাম দেওয়া হবে কিনা জানি না। তবে এসব নিয়ে একটি সুপারিশমালা তৈরি করা হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/১৭১৪ঘ.