সিলেট, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের বিশ্বনাথ উপজেলায় মঙ্গলবার রাতে মাদক বিক্রেতাদের ধরতে গিয়ে গ্রামবাসীর হামলায় চার র্যাব সদস্য আহত হয়েছে। র্যাবের কাছ থেকে তিন মাদক বিক্রেতাকে ছিনিয়েও নিয়েছে গ্রামবাসী। ঘটনার পর ওই এলাকায় অভিযান চালাচ্ছে র্যাব। গ্রেপ্তার করা হয়েছে ১৩ জনকে। আতঙ্কে ওই এলাকার তিন গ্রাম পুরুষশূন্য হয়ে পড়েছে।
র্যাব জানায়, রাত ৮টার দিকে র্যাব-৯ এর একটি দল বিশ্বনাথের পশ্চিম নোয়াগাঁও গ্রামে অভিযানে যায়। সেখানে ৪২ বোতল বিদেশি মদসহ চার জনকে গ্রেপ্তার করে। ওই সময় গ্রামবাসীরা জোট বেঁধে র্যাব সদস্যদের ওপর হামলা চালায়।
র্যাব-৯ এর কর্মকর্তা ক্যাপ্টেন আল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "৪২ বোতল মদসহ চার মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করে নিয়ে আসার সময় এলাকাবাসী হামলা চালায়। এতে এক কর্মকর্তাসহ চার র্যাব সদস্য আহত হন।"
আহতদের নাম র্যাবের পক্ষ থেকে প্রকাশ করা হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক র্যাবের এক কর্মকর্তা বলেন, "নোয়াগাঁও গ্রামটি দুর্গম এলাকায় হওয়ায় র্যাব সদস্যরা প্রায় দুই কিলোমিটার দূরে নিজেদের পিকআপ ভ্যান রেখে চার জন অটোরিকশায় করে ওই গ্রামে যায়। সেখানে চারটি চটের বস্তায় ৪২ বোতল বিদেশি মদসহ চার জনকে আটক করে। ফেরার পথে গ্রামের লোকজন 'ডাকাত ডাকাত' বলে র্যাবের ওপর হামলা চালায়। তারা তিন মাদক বিক্রেতাকে ছিনিয়ে নিয়ে যায়।"
তিনি বলেন, "হামলার সময় এক র্যাব সদস্যের রিভলবার হারিয়ে যায়। খবর পেয়ে পিকআপ ভ্যানে অপেক্ষারত র্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে রিভলবার খোঁজায় তৎপর হয়ে উঠলে নোয়াগাঁওয়ের পাশের লহরী ও ঘাঘটিয়া গ্রামের কয়েকশ লোকজন লাঠিসোঁটা নিয়ে পুনরায় হামলা চালায়। গ্রামবাসীরা র্যাব সদস্যদের কলমদর বাজারের একটি দোকানে আটকে মারধর করে। খবর পেয়ে রাত ১০টার দিকে সিলেট থেকে র্যাবের কর্মকর্তারা, বিশ্বনাথ থানা পুলিশ গিয়ে র্যাবি সদস্যদের উদ্ধার করে।"
মঙ্গলবার রাতেই ঘটনাস্থল থেকে তিন মহিলাসহ ২৫ জনকে আটক করা হয়। এর মধ্যে তিন মহিলাসহ ১২ জনকে রাতেই স্থানীয় দশঘর ইউপি চেয়ারম্যান আবুল হোসেনের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। দুই জনকে বিশ্বনাথ থানায় হস্তান্তর করা হয়।
আটক বাকি ১১ জনকে নিয়ে ওই এলাকায় অভিযান চালাচ্ছে র্যাব। ক্যাপ্টেন আল আমিন বলেন, "অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।"
র্যাবের অভিযান শুরু হওয়ার পর থেকে ওই তিন গ্রামের পুরুষ লোকরা পালিয়ে যায়।
ইউপি চেয়ারম্যান আবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "র্যাবের ওপর হামলার মূল হোতাদের গ্রেপ্তার করে শাস্তি দেওয়া দরকার। তবে নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হয় সেদিকেও দৃষ্টি রাখতে হবে।"
আহত র্যাব কর্মকর্তা সারওয়ারকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান ডা. রাশেদুন্নবী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তিনি (সারওয়ার) মাথায় এবং ডান হাতে আঘাত পেয়েছেন। তবে আশঙ্কামুক্ত। আহত অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৪৬ ঘ.
bdnews24