২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোজার ১৫ দিনে ঢাকায় ১০ খুন

আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের ব্যাপক প্রস্তুতি সত্ত্বেও রমজান মাসের প্রথম ১৫ দিনে রাজধানীতে সন্ত্রাসীদের হাতে নিহত হয়েছেন ব্যবসায়ীসহ ১০ জন। বেড়েছে ছিনতাই ও অজ্ঞান করে সর্বস্ব লুটে নেওয়ার ঘটনাও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2008, 05:10 PM

Updated : 26 Aug 2022, 02:22 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের ব্যাপক প্রস্তুতি সত্ত্বেও রমজান মাসের প্রথম ১৫ দিনে রাজধানীতে সন্ত্রাসীদের হাতে নিহত হয়েছেন ব্যবসায়ীসহ ১০ জন। বেড়েছে ছিনতাই ও অজ্ঞান করে সর্বস্ব লুটে নেওয়ার ঘটনাও। পুলিশের ব্যাপক প্রস্তুতি সত্ত্বেও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি প্রসঙ্গে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার নওশের আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মঙ্গলবার রাতে বলেন, "পুলিশ অপরাধীদের গ্রেপ্তারে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে। এর মধ্যেও বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটছে। আমরা এসব নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছি।" পুলিশের তথ্য অনুসারে, গত ৩ সেপ্টেম্বর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকায় সন্ত্রাসীদের গুলিতে শেলটেক কর্মকর্তা মাসুদ পারভেজ খুন হন। দিনে দুপুরে ব্যস্ত রাস্তায় সন্ত্রাসীরা খুব কাছ থেকে তাকে গুলি করে পালিয়ে যায়। ঘটনার ১২ দিন পরও হত্যাকারীদের সনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ৬ সেপ্টেম্বর বাড্ডা এলাকার অ্যালুমিনিয়াম ব্যবসায়ী জানু শেখকে তার বাসা থেকে ডেকে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করে সন্ত্রাসীরা। গত ৭ সেপ্টেম্বর পল্লবী এলাকার মুদি দোকানদার মো. ইলিয়াসকে শ্বাসরোধ করে হত্যা করে স্থানীয় সন্ত্রাসীরা। গত ১১ সেপ্টেম্বর কল্যাণপুর সোহাগ কাউন্টারে সন্ত্রাসীরা চাঁদার দাবিতে কাউন্টারের কর্মচারী মোহাম্মদ পারভেজকে গুলি করে হত্যা করে। এ ঘটনায় জড়িত সন্দেহে কল্যানপুর পোড়াবাড়ি বস্তির তিন সন্ত্রাসীকে আটক করে মিরপুর থানা পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে একদিন পর তাদের ছেড়ে দেওয়া হয়। এছাড়া ১৩ সেপ্টেম্বর সূত্রাপুর এলাকায় সোহেল নামে এক যুবককে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। একই দিন পল্লবী এলাকায় ছুরিকাঘাত করে হত্যা করা হয় আমির হোসেন নামে এক বাস হেলপারকে। গত ১৪ সেপ্টেম্বর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় এসিআই গ্র"পের কর্মকর্তাকে প্রকাশ্যে গুলি করে ৪৬ লাখ টাকা লুট করে সন্ত্রাসীরা। সর্বশেষ ১৫ সেপ্টেম্বর গুলি করে হত্যা করা হয় তৈরি-পোশাক ব্যবসায়ী আব্দুস সালাম বাবুকে। ওইদিনই গোলাম মোস্তফা মোল্লা (৫৫) ও সাবেক সেনা সদস্য মজিবুর রহমানকেও হত্যা করে সন্ত্রাসীরা। সেনাসদস্য মজিবুর রহমানের লাশ 'অজ্ঞাত' হিসেবে সোমবার উদ্ধার করার পর মঙ্গলবার তার স্বজনরা লাশ সণাক্ত করে। এর মধ্যে গোলাম মোস্তফা অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে নিহত হয়েছেন বলে ধারণা পুলিশের। গত ৩১ আগস্ট মাসিক অপরাধ সভা শেষে নিয়মিত ব্রিফ্রিংয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনার নাইম আহমেদ বলেন, "রমজান মাসে অপরাধ নিয়ন্ত্রণের জন্য পুলিশ তিন ধাপে নিরাপত্তা ব্যবস্থা সাজিয়েছে। এর অংশ হিসেবে পুরো মাসেই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ১৫ রোজার পর আইন-শৃঙ্খলা বাহিনীর আরো আড়াই হাজার সদস্যকে রাজধানীতে মোতায়েন করা হবে। এছাড়া ঈদ ও ঈদের পরের কয়েক দিন নজরদারি বাড়ানো হবে।" পুলিশের হিসাবে, গত ১৫ দিনে অন্তত ৪০টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তেজগাঁও শিল্পাঞ্চল, কোতোয়ালী, লালবাগ, মিরপুর, কাফরুল, সবুজবাগ, যাত্রবাড়ি ও পুরান ঢাকা এলাকায় ছিনতাইয়ের ঘটনাগুলো বেশি ঘটছে। পরিচয় প্রকাশ না করার শর্তে পুলিশের এক কর্মকর্তা জানান, রাজধানীতে যে পরিমাণ ছিনতাই হচ্ছে তার এক-তৃতীয়াংশ নথিভুক্ত (রেকর্ড) হচ্ছে থানাগুলোতে। অধিকাংশ ক্ষেত্রে ভিকটিম পুলিশি ঝামেলা এড়াতে থানায় যান না। ফলে এ ধরণের অপরাধগুলো তালিকাভুক্ত হয় না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এলএইচ/টিএইচ/এমএইচবি/২২৫৯ ঘ.