২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেড়িবাঁধ ভেঙ্গে খুলনায় ১০ গ্রাম প্লাবিত

খুলনার দাকোপ উপজেলায় শিবসা ও ঢাকী নদীর বেড়িবাঁধ ভেঙে মঙ্গলবার দুপুরে সুতারখালি ও তিলডাঙ্গা ইউনিয়নের ১০টি গ্রাম প্লাবিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2008, 04:12 PM

Updated : 26 Aug 2022, 02:23 PM

খুলনা, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফো ডটকম) - খুলনার দাকোপ উপজেলায় শিবসা ও ঢাকী নদীর বেড়িবাঁধ ভেঙে মঙ্গলবার দুপুরে সুতারখালি ও তিলডাঙ্গা ইউনিয়নের ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। এসব গ্রামের প্রায় ছয়শ' পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন। ভেসে গেছে কয়েকশ' পুকুর ও মৎস্য ঘের। দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহসিন আলী বাঁধ ভেঙে গ্রাম প্লাবিত হওয়ার খবর নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকেলে তিনি গ্রামগুলো পরিদর্শন করেছেন। গ্রামবাসীরা জানান, দুপুর ১টার দিকে শিবসা নদীর জোয়ারে ওয়াপদার বাঁধ ভেঙে যায়। এতে সুতারখালি ইউনিয়নের গুনারী, মধ্যম গুনারী, দক্ষিণ গুনারী, কাটাবুনে, নলিয়ান ও গুলবুনে গ্রামে পানি ঢোকে। সুতারখালি ইউনিয়নের চেয়ারম্যান বিধু নারায়ন সরদার জানান, পানির প্রবল স্রোতে মাত্র এক ঘন্টার মধ্যে ছয়টি গ্রামের প্রায় ৪০০ পরিবার পানিবন্দি হয়ে পড়েন। প্রতিটি বাড়িতে এখন হাটু পানি। তিনি জানান, জোয়ারের পানিতে ছয়টি গ্রামের ৫০০ মৎস্য ঘের, ১২৪ টি পুকুর ভেসে গেছে। পানিতে তলিয়ে গেছে ফসলী জমি। মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে শুরু করেছে। গ্রামবাসীরা অভিযোগ করেন, মাত্র তিন মাস আগে এই বাঁধটি মেরামত করা হয়েছিল। কিন্তু বাঁধের মেরামত কাজ এত নিম্নমানের ছিল যে তা জোয়ারেই ভেঙে গেছে। তবে এ অভিযোগ অস্বীকার করে পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে তারা বাঁধ নির্মাণ কাজ শুরু করবেন। মঙ্গলবার দুপুরে দেড়টায় একই উপজেলার তিলডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ কামিনীবাসিয়া, উত্তর কামিনীবাসিয়া, গড়খালি ও কাকড়াবুনে গ্রাম প্লাবিত হয়। ঢাকী নদীর বেড়িবাঁধ ভেঙে এ চারটি গ্রাম প্লাবিত হয়েছে। তিলাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হাই আল মামুন জানান, বর্তমানে চারটি গ্রামের প্রায় ২০০ পরিবার পানিবন্দি অবস্থায় রয়েছেন। এসব গ্রামের ১৩৯টি ঘের ও ১২২টি পুকুর ভেসে গেছে বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫৬ ঘ.