২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'মুই এলা কেন করি যাইম'

ঈদের আরও কিছু দিন বাকি। এরইমধ্যে জমে উঠেছে বিপণিবিতানগুলো। বিভিন্ন বাসের টিকিট বিক্রিও শুরু হয়ে গেছে। আর দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও টিকেট না পাওয়া, বেশি ভাড়া আদায় কিংবা হয়রানির মতো বিষয়গুলো যেন হয়ে উঠেছে ঈদেরই অংশ। নগরীর বিভিন্ন স্থান ঘুরে সেই ছবিই তুলে এনেছেন গোলাম মর্তুজা অন্তু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2008, 12:27 PM

Updated : 26 Aug 2022, 02:22 PM

গোলাম মর্তুজা অন্তু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদের আরও কিছু দিন বাকি। এরইমধ্যে জমে উঠেছে বিপণিবিতানগুলো। বিভিন্ন বাসের টিকিট বিক্রিও শুরু হয়ে গেছে। আর দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও টিকেট না পাওয়া, বেশি ভাড়া আদায় কিংবা হয়রানির মতো বিষয়গুলো যেন হয়ে উঠেছে ঈদেরই অংশ। ঈদ উপলক্ষে সোমবার থেকে বিভিন্ন পরিবহন সংস্থা অগ্রিম টিকিট ছেড়েছে। তবে প্রতিবারের মতো এবারও কাউন্টারগুলোতে গিয়ে শোনা গেল 'নেই'। মানে টিকিট নেই। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও টিকিট পাচ্ছেন না অনেকেই। অন্যদিকে কাউন্টার থেকে বলা হচ্ছে 'আমরা তো দিচ্ছি'। সোমবার সকালে কলেজগেট, শ্যামলী, কল্যাণপুর আর গাবতলীতে উত্তরবঙ্গগামী বিভিন্ন বাসের কাউন্টারে গিয়ে দেখা গেল ঠায় দাঁড়িয়ে আছে শত শত মানুষ। ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কিছুদিন আগে জ্বালানি তেলের দাম বাড়ায় এবার এমনিতেই বাস ভাড়া বেশি। তার সঙ্গে যোগ হয়েছে ঈদের প্রসঙ্গ। টিকিটপ্রার্থীদের অভিযোগ এবার টিকিটের দাম অনেক বেশি। তবে বাস মালিকরা বলছেন, তারা সরকার নির্ধারিত ভাড়াই নিচ্ছেন। বিভিন্ন বাস কাউন্টার ঘুরে দেখা গেল, এক মাস আগেও ঠাকুরগাঁওয়ের টিকিটের দাম ৪০০/৪২০ টাকা থাকলেও এখন তা বেড়ে হয়েছে ৫০০/৫৩০ টাকা। একইভাবে বগুড়ার ২৪০ টাকার টিকিট ২৮০/২৭০ টাকা, রংপুরের ৩৪০ টাকার টিকিট ৪০০/৪২০ টাকা, নওগাঁর ২৮০ টাকার টিকিট ৩২০ টাকায় কিনতে হচ্ছে যাত্রীদের। এ ব্যাপারে প্রশ্ন করা হলে শ্যামলী পরিবহনের কাউন্টারকর্মী মাহাবুবুর রহমান ক্যালকুলেটরে হিসাব কষে দেখালেন, সরকার নির্ধারিত ১ টাকা ৮ পয়সা হিসেবেই ভাড়া রাখছেন তারা। সোয়া ১১টার দিকে হানিফ পরিবহনের কাউন্টারে গিয়ে দেখা গেল ভাঙা হাটের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে মানুষ। এই বাসের বেশিরভাগ কাউন্টারে ২৮, ২৯ ও ৩০ সেপ্টেম্বরের টিকিট বিক্রি হয়ে গেছে এরইমধ্যে। রংপুর কাউন্টারের সামনে তখনও কিছু লোক দাঁড়িয়ে। তাদেরই একজন সোহরাবউদ্দীন বললেন, "ভোর ৪টায় এসে লাইনে দাঁড়িয়েছি। এখনো টিকিট পাইনি।" কলেজগেট হানিফের কাউন্টারে আব্দুর রহমান জানালেন, পঞ্চগড়ের টিকিটের জন্য সেহেরি খেয়ে রাত সাড়ে ৩টায় কাউন্টারে এসেও তাকে প্রায় দেড়শ মানুষের পেছনে লাইনে দাঁড়াতে হয়েছে। ক্ষোভের সঙ্গে তিনি বললেন, "সকাল ৬টায় টিকিট বিক্রি শুরু হওয়ার একঘণ্টার মধ্যে বলা হল, ২৮, ২৯ ও ৩০ সেপ্টেম্বর সকালের বাসের টিকিট শেষ। অথচ ওই সময়ের টিকিটই আমার দরকার।" তিনি অভিযোগ করেন, একেকজন অনেকগুলো করে টিকিট কিনেছেন। টিকিট কালোবাজারে যাচ্ছে কি না তা খতিয়ে দেখা উচিত। হানিফ এন্টারপ্রাইজের মহা ব্যাবস্থাপক আব্দুস সামাদ মণ্ডল জানান, ভোর থেকেই টিকেট বিক্রি শুরু করা হয়েছে। তবে ২৮, ২৯ ও ৩০ সেপ্টেম্বরের টিকিটের চাহিদা বেশি বলে দ্রুত শেষ হয়ে গেছে। একজনকে পাঁচটির বেশি টিকিট দেওয়া হচ্ছে না দাবি করে তিনি বলেন, কালোবাজারির কোনো সুযোগ নেই। কল্যাণপুরে শ্যামলী পরিবহনের উত্তরবঙ্গগামী বাসের কাউন্টারেও একই চিত্র। কাউন্টারকর্মী মাহাবুবুর রহমান জানালেন, ভিড় সামলাতে প্রতিবার দু'জন করে কাউন্টারে ঢুকিয়ে সাটার নামিয়ে দেওয়া হচ্ছে। নওগাঁগামী বাসের টিকিটের জন্য সকাল সাড়ে ৬টায় লাইনে দাঁড়ান মোস্তফা তুহিন। সকাল ১১টার সময়ও তিনি কাউন্টারের কাছে পৌঁছাতে পারেননি। গাবতলীর রংপুর-গাইবান্ধাগামী টিআর পরিবহনের কাউন্টারে গিয়ে দেখা গেল অনেক মানুষ। তবে কোনো লাইন নেই। কাউন্টারকর্মী আাব্দুল বাতেন জানান, তারা টোকেন সিস্টেম করে দিয়েছে। টিকিট কাটতে এলে আগে টোকেন দেয়া হচ্ছে। পরে টোকেন অনুযায়ী ডেকে ডেকে টিকিট বিক্রি করা হচ্ছে। টোকেন হাতে অপেক্ষায় থাকা সিরাজুল ইসলাম বললেন, "টিকিট না পাইলে পরে মুই এলা কেনকরি যাইম।" ট্রেন ও লঞ্চের অগ্রিম টিকিট আগামী ১৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) থেকে বিভিন্ন লাইনে ট্রেনের অগ্রিম টিকিট ছাড়া শুরু হবে বলে জানিয়েছেন কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার রেজাউল হক। অগ্রিম টিকেট বিক্রি চলবে সাতদিন। ২৬, ২৭, ২৮, ২৯, ৩০ সেপ্টেম্বর ও ১ অক্টোবরের টিকিট কিনতে হবে যথাক্রমে ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩ ও ২৪ সেপ্টেম্বর স্টেশনে গিয়ে। রেজাউল হক জানান, প্রতিবারের মতো এবারও ঈদে জামালপুর-দেওয়ানগঞ্জ রুটে বিশেষ ট্রেন চলবে। এছাড়া ক্যান্টনমেন্ট স্টেশন থেকে রাজশাহীতে একটি বিশেষ ট্রেন দেয়ার সম্ভাবনা আছে। তবে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। লঞ্চ মালিক সমিতির সহ-সভাপতি লুৎফর রহমান জানান, আগামী ২০ সেপ্টেম্বর থেকে সব রুটের লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। ঈদ উপলক্ষে ভাড়া বাড়ানো হবে না দাবি করে তিনি বলেন, "আমরা তালিকা অনুযায়ীই ভাড়া আাদায় করব।" বিআইডাব্লুটিসি নিয়ন্ত্রণ কক্ষের ব্যাবস্থাপক আশরাফ আলী জানান, ২০ সেপ্টেম্বর থেকে রকেট স্টিমারের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এএল/জেকে/এমএইচবি/১৮২০ ঘ.