ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা বিচারপতি ফজলুল হকের বিরুদ্ধে দায়ের করা অবৈধ সম্পদ অর্জন দুর্নীতি মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট।
সোমবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মামনুন রহমানের হাইকোর্ট বেঞ্চ মামলাটির বৈধতা চ্যালেঞ্জ করে বিচারপতি ফজলুল হকের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন।
পাশাপাশি মামলাটি দায়ের ও এর কার্যক্রম পরিচালনাকে কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ও বেআইনী ঘোষণা করা হবে না আগামী চার সপ্তাহের মধ্যে তার কারণ জানতে চেয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও সরকারের প্রতি রুলনিশি জারি করেছে আদালত।
বিচারপতি ফজলুল হকের রিট আবেদনটির ওপর শুনানিতে অংশ নিয়ে অ্যাডভোকেট হেলালউদ্দিন মোল্লা বলেন, দুদক মামলাটি দায়ের ও অভিযোগপত্র দাখিলের ক্ষেত্রে আইন অনুযায়ী অনুমোদন দেয়নি।
তিনি আরও বলেন, দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী মামলা দায়ের ও অভিযোগপত্র দাখিলের ক্ষেত্রে কমিশনের তিন সদস্যের অনুমোদন দেওয়ার কথা থাকলেও এক্ষেত্রে মাত্র একজন কমিশনার অনুমোদন দিয়েছেন। তাই আইনের চোখে এ অনুমোদন কোন অনুমোদনই নয়। তাই মামলাটির কার্যক্রম চলতে পারে না।
গত ৪ সেপ্টেম্বর হাইকোর্টের অন্য একটি ডিভিশন বেঞ্চ বিচারপতি ফজলুল হককে এ মামলায় তিন মাসের আগাম জামিন দিয়েছিল।
এ মামলায় গত ৩ সেপ্টেম্বর বিচারপতি ফজলুল হকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ মো. আজিজুল হক।
২ সেপ্টেম্বর বিচারপতি ফজলুল হকের বিরুদ্ধে এ মামলায় অভিযোগপত্র দাখিল করেন দুদকের সহকারী পরিচালক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম।
এতে বিচারপতি ফজলুল হকের বিরুদ্ধে ৯০ লাখ ৯৭ হাজার টাকার সম্পত্তির তথ্য গোপনসহ ১ কোটি ৮০ লাখ ৭৮ হাজার ৩৭৯ টাকার সম্পত্তি অবৈধভাবে অর্জনের অভিযোগ আনা হয়।
গত ১৩ মার্চ সম্পদের তথ্য গোপন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ফজলুল হকের বিরুদ্ধে দুর্নীতির এ মামলাটি দায়ের করে দুদক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসকে/১৬১৬ঘ.
bdnews24