২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিচারপতি ফজলুল হকের ছেলে ও জামাতার বিরুদ্ধে তিন মামলা

দুর্নীতি মামলায় অভিযুক্ত সাবেক উপদেষ্টা বিচারপতি ফজলুল হকের ছেলে ডা. আফজাল হোসেন রাজের বিরুদ্ধে দু'টি ও মেয়ের জামাই তারিফুর রহমান প্রিন্সের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2008, 05:24 PM

Updated : 26 Aug 2022, 02:22 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতি মামলায় অভিযুক্ত সাবেক উপদেষ্টা বিচারপতি ফজলুল হকের ছেলে ডা. আফজাল হোসেন রাজের বিরুদ্ধে দু'টি ও মেয়ের জামাই তারিফুর রহমান প্রিন্সের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। রোববার রাজধানীর রমনা, ধানমণ্ডি ও ক্যান্টনমেন্ট থানায় এসব মামলা দায়ের করা হয়। আফজালের বিরুদ্ধে দু'টি মামলার মধ্যে রমনা থানায় ঘোষিত আয়ের বাইরে সম্পদ অর্জনের অভিযোগে একটি মামলা হয়েছে। আর ধানমন্ডি থানায় মানি লন্ডারিং আইনে দায়ের করা মামলায় অভিযোগ করা হয়েছে, আফজাল সম্পদের উৎস গোপনের উদ্দেশ্যে ব্যাংক থেকে টাকা তুলে তা হস্তান্তর বা রূপান্তর করেছেন। সবগুলো মামলাই দায়ের করেন দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক মো. ইব্রাহিম। উপ পরিদর্শক মাকসুদুর রহমান জানান, রমনা থানার মামলায় আফজালের বিরুদ্ধে অবৈধভাবে ১ কোটি ৪০ লাখ ৪৯ হাজার টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। ধানমণ্ডি থানার সহকারী উপ পরিদর্শক কামরুজ্জামান জানান, এ থানায় দায়ের করা মানি লন্ডারিং আইনের মামলাটির এজাহারে বলা হয়েছে, ডা. আফজাল তার বাবার ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন সময় ১০ কোটি ৬১ লাখ টাকা আয় করেন। পরে এ সম্পদের উৎস আড়ালের জন্য বিভিন্ন সময় ব্যাংক থেকে ৯ কোটি ৬১ লাখ টাকা তুলে হস্তান্তর বা রূপান্তর করেন। উপ-পরিদর্শক জিনাত আরা জানান, ক্যান্টনমেন্ট থানায় তারিফুর রহমান প্রিন্সের বিরুদ্ধে দায়ের করা মামলায় বিচারপতি ফজলুল হকের জামাতার বিরুদ্ধে অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। কমিশনে সম্পত্তির হিসাব না দেওয়ায় আদালত এর আগে প্রিন্সকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছে। দুর্নীতি দমন কমিশন ইতোমধ্যে একটি দুর্নীতি মামলায় বিচারপতি ফজলুল হকের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে। নিজের দুর্নীতি চাপা দিতে ঘুষ দেওয়ার অভিযোগে আরেকটি মামলা হয়েছে তার বিরুদ্ধে। ফজলুল হক বর্তমানে তিনমাসের জামিনে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জিএমএ/জেকে/এসকে/২৩১৮ঘ.