২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জ্বালানি তেলের দাম কমানোর বিষয়ে কাজ শুরু করেছে মন্ত্রণালয়

সরকার জ্বালানি তেলের দাম কমানোর বিষয়ে কাজ শুরু করেছে বলে জানিয়েছেন জ্বালানি মন্ত্রণালয়ের সচিব মো. মহসিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2008, 04:25 PM

Updated : 26 Aug 2022, 02:22 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার জ্বালানি তেলের দাম কমানোর বিষয়ে কাজ শুরু করেছে বলে জানিয়েছেন জ্বালানি মন্ত্রণালয়ের সচিব মো. মহসিন। রোববার তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ গত মাসের শেষ দিকে এ ব্যাপারে জ্বালানি মন্ত্রণালয়কে নির্দেশনা দেন। তার নির্দেশে আমরা কাজ শুরু করেছি।" সচিব বলেন, "জ্বালানি তেলের দাম নির্ধারণের ক্ষেত্রে আমরা একটি পদ্ধতি প্রণয়নের চেষ্টা করছি। যাতে সবসময় আন্তর্জাতিক বাজারের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে জ্বালানি তেলের দাম নির্ধারণ করা যায়।" অর্থ উপদেষ্টা এ বি মির্জ্জা আজিজুল ইসলাম শনিবার সাংবাদিকদের বলেন, জ্বালানি তেলের দাম কমানোর বিষয়টি ভেবে দেখা যেতে পারে। গত ৩০ জুন সরকার প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম বাড়িয়ে ৫৫ টাকা, পেট্রোল ৮৭ টাকা ও অকটেন ৯০ টাকা নির্ধারণ করে। এছাড়া প্রতি সিলিন্ডার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) ১০০০ টাকা এবং প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম ৩০ টাকা নির্ধারণ করা হয়। সরকার সে সময় বলেছিল, আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় জ্বালানি তেলের দাম বাড়ানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপর আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমতে থাকায় দেশেও দাম কমানোর বিষয়টি আলোচনায় আসে। গত শুক্রবার আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের দাম ছিল ৯৮ ডলারের সামান্য বেশি। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন সর্বশেষ গত মাসে ১১৪ ডলারে প্রতি ব্যারেল তেল কিনেছে। তবে পরিশোধিত জ্বালানি তেলের জন্য মোট ব্যয় হয়েছে ব্যারেল প্রতি ১২০ ডলার। বিপিসি'র চেয়ারম্যান আনোয়ারুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তার প্রতিষ্ঠানের কাছে বর্তমানে দেড় লাখ টনের বেশি তেল মজুদ আছে। বেশি দামে কিনে কম দামে বিক্রি করায় গত অর্থবছরে বিপিসিকে প্রায় সাড়ে ৬ হাজার কোটি টাকা লোকসান গুণতে হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/জেকে/এসকে/২২১৬ঘ.