২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাল্টাপাল্টি অভিযোগে ইটিভি কর্তৃপক্ষ ও এক কর্মকর্তার মামলা

স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল একুশে টিভির চেয়ারম্যান আব্দুস সালামসহ ৬ কর্মকর্তার বিরুদ্ধে ভয়ভীতি দেখিয়ে স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ এনে মামলা দায়ের করেছেন চ্যানেলটির প্রধান তথ্য প্রযুক্তি কর্মকর্তা হাসনাইন কবীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2008, 03:42 PM

Updated : 26 Aug 2022, 02:22 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল একুশে টিভির চেয়ারম্যান আব্দুস সালামসহ ৬ কর্মকর্তার বিরুদ্ধে ভয়ভীতি দেখিয়ে স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ এনে মামলা দায়ের করেছেন চ্যানেলটির প্রধান তথ্য প্রযুক্তি কর্মকর্তা হাসনাইন কবীর। অন্যদিকে ইটিভির পক্ষ থেকে হাসনাইন কবীরের বিরুদ্ধে পাল্টা প্রতারণার মামলা দায়ের করা হয়েছে। তেজগাঁও থানার উপ-পরিদর্শক জয়নাল আবেদীন জানান, শনিবার রাতে ওই থানায় ইটিভির চেয়ারম্যান আব্দুস সালাম, মহাব্যবস্থাপক এমএম রুহুল আমিন, প্রধান অর্থ ব্যবস্থাপক আব্দুস ছোবহান, অনুষ্ঠান সমন্বয়ক সাদিয়া সিলভানা, নৃত্য পরিচালক আজিজুর রহমান টিংকু এবং নাট্য পরিচালক সাখাওয়াত আল মামুনকে অভিযুক্ত করে মামলা করেন হাসনাইন কবীর। তিনি এতে অভিযোগ করেন অভিযুক্তরা তাকে আটকে রেখে ভয়ভীতি দেখিয়ে জোর করে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর আদায় করেছেন। মামলার এজাহারে হাসনাইন বলেছেন তার নিজের ব্যবসা প্রতিষ্ঠান 'প্রো-২ ইন্টারেকটিভ এর সঙ্গে ইটিভির ব্যবসায়িক লেনদেন রয়েছে। ইটিভি তার প্রতিষ্ঠান থেকে কার্যাদেশ এবং ইনভয়েসের মাধ্যমে ৪০ লাখ টাকার কম্পিউটার সামগ্রি কিনে ১৯ লাখ ৬৫ হাজার টাকা বিল শোধ করে। হাসনাইনের অভিযোগ, বাকি টাকা না দিয়েই একুশে টিভির চেয়ারম্যান কোনো কারণ না দেখিয়ে ৮ সেপ্টেম্বর রাতে কার্যাদেশ বাতিল করেন এবং ইতিমধ্যে পরিশোধ করা টাকা এক দিনের মধ্যে ফেরত দিতে বলেন। হাসনাইন বলেছেন, এক দিনের মধ্যে টাকা দেওয়া সম্ভব নয় জানালে সারারাত তাকে ইটিভির মহা ব্যবস্থাপকের কক্ষে আটকে রেখে জোর করে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর আদায় করা হয়। এ প্রসঙ্গে একুশে টিভির চেয়ারম্যান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হাসনাইন কবীরের অভিযোগ সত্যি নয়। তার কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে কোনো স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়নি। সে ইটিভির আইটি বিভাগের তহবিল তছরুপ ও মালামাল নষ্ট করেছে।" এদিকে রোববার ইটিভির মহা ব্যবস্থাপক এমএম রুহুল আমিন বাদি হয়ে হাসনাইন কবীরকেই আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, হাসনাইন ইটিভির কাছ থেকে ১৯ লাখ ৬৫ হাজার টাকা অগ্রীম নিয়েও মালামাল না দিয়ে 'টালবাহানা' করছিলেন। তাই কার্যাদেশ বাতিল করে টাকা ফেরত চাওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে হাসনাইন ওইদিনই একটি চেক দিয়ে চলে যান। এতে আরও অভিযোগ করা হয়, এরপর থেকে প্রধান তথ্যপ্রযুক্তি কর্মকর্তা অফিসে যাননি এবং বাইরে থেকে ফোন করে চেক ফেরত দেওয়ার জন্য হুমকি দিচ্ছেন। এদিকে রোববার বেলা ১১ টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে 'একুশে টেলিভিশনের চেয়ারম্যান কর্তৃক সন্ত্রাসী ও ষড়যন্ত্রমূলক কার্যকলাপের প্রতিবাদ' শীর্ষক এক সংবাদ সম্মেলন আহ্বান করেও পরে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে তা বাতিল করেন হাসনাইন কবীর। সাংবাদিকরা তার সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, "আমাকে নিয়ে সকাল থেকে ইটিভিতে বিশেষ বুলেটিন প্রচারিত হচ্ছে। বার বার বলা হচ্ছে 'পুলিশ তাকে খুঁজছে'। তাই আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।" রোববার রাতে হাসনাইন কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, " ইটিভির কাছে আমি প্রায় সাড়ে ১৮ লাখ টাকার মতো পাই। সে টাকাগুলো না দেওয়ার জন্যেই ইটিভি কর্তৃপক্ষ টালবাহানা করছে। আমার সরবরাহকৃত মালমালগুলো এখন ইটিভিতে ব্যবহৃত হচ্ছে।" ইটিভি চেয়ারম্যানের অভিযোগ মিথ্যা দাবি করে এ প্রসঙ্গে তিনি বলেন, "তারা আমার স্বাক্ষরকৃত স্ট্যাম্পটি থানায় আমার বিরুদ্ধে মামলা দায়েরের সময় দাখিল করেছে।" তেজগাঁ বিভাগের সহকারি পুলিশ কমিশনার আব্দুল মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দু' পক্ষই দু'টি মামলা করেছে যা এখনও তদন্তাধীন। তদন্তে কোনও কিছু পাওয়া গেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।" তিনি জানান, কোনও মামলাতেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এলএইচ/এসকে/২১৩৬ঘ.