দিনাজপুর, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চারদিন কর্মবিরতি পালনের পর রোববার কাজে ফিরেছেন দিনাজপুরের মধ্যপাড়া গ্রানাইট খনির বাংলাদেশি শ্রমিকরা।
মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডে কর্মরত বাংলাদেশি শ্রমিকরা মহার্ঘ্য ভাতাসহ বিভিন্ন দাবিতে গত বুধবার অনির্দিষ্টকালের কর্মবিরতির শুরু করেছিলেন।
কোম্পানির উপ মহাব্যবস্থাপক মীর মো. আব্দুল হান্নান শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার ও কাজে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
শ্রমিক নিয়োগকারী প্রতিষ্ঠান মেসার্স স্বপ্নপুরীর স্বত্ত্বাধিকারী দেলোয়ার হোসেন জানান, শনিবার তিনিসহ কোম্পানি কর্তৃপক্ষ, নয় সদস্যের শ্রমিক প্রতিনিধি ও পুলিশ কর্মকর্তারা বৈঠকে বসে সমঝোতার চেষ্টা করে ব্যর্থ হন।
পরে তিনি শ্রমিকদের দাবির বিষয়টি পর্যালোচনা ও দাবি আদায়ে আইনী সহায়তার আশ্বাস দিলে তারা আজ (রোববার) কাজে যোগ দিতে সম্মত হয়।
উত্তর কোরিয়ার নামনাম ( ঘধসহধস) কোম্পানির পরিচালনাধীন মধ্যপাড়া গ্রানাইট খনির ২৮৩ জন বাংলাদেশি শ্রমিক ২০ ভাগ মহার্ঘ্য ভাতা, যাতায়াত ও খনি ভাতা, বাৎসরিক ছুটি ১৫ দিনের পরিবর্তে ২৪ দিন এবং ভবিষ্য তহবিল (প্রফিডেন্ট ফান্ড) গঠনসহ পাঁচ দফা দাবিতে আন্দোলনে নেমেছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯২৪ ঘ.
bdnews24