২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে যৌতুকের জন্য গৃহবধুকে হত্যা: স্বামী ও শ্বশুর গ্রেপ্তার

যৌতুক দিতে না পারায় সদর উপজেলার চকঝগড়া গ্রামে শুক্রবার রাতে কোমেলা বেগম (২০) নামের এক গৃহবধুকে শ্বাস রোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2008, 12:37 PM

Updated : 26 Aug 2022, 02:22 PM

চাঁপাইনবাবগঞ্জ, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যৌতুক দিতে না পারায় সদর উপজেলার চকঝগড়া গ্রামে শুক্রবার রাতে কোমেলা বেগম (২০) নামের এক গৃহবধুকে শ্বাস রোধে হত্যার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে কোমেলার স্বামী আব্দুস সামাদ (২২) ও শ্বশুর আজাহার আলীকে (৫৫) গ্রেপ্তার করেছে। সদর থানার কর্তব্যরত কর্মকর্তা উপ-পরিদর্শক আতাইর রহমান জানান, জেলার শিবগঞ্জ উপজেলার বামুনগাঁ গ্রামের কোমেলা বেগমের সঙ্গে সদর উপজেলার চকঝগড়া গ্রামের সামাদের বিয়ে হয় দুই বছর আগে। বিয়ের সময় ১৭ হাজার টাকা যৌতুক নিয়েছিলেন সামাদ। আরও ১০ হাজার টাকার জন্য স্ত্রীকে চাপ দিয়ে আসছিলেন তিনি। যৌতুকের জন্য সামাদ প্রায়ই স্ত্রীকে নির্যাতন করতেন। শুক্রবার রাত আনুমানিক ৩টার দিকে স্ত্রীকে শ্বাস রোধ করে হত্যা করেন তিনি। শনিবার সকালে পুলিশ কোমেলার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। কোমেলার বড় ভাই কেতাবুল ইসলাম তার স্বামী, শ্বশুর ও শাশুড়িকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা করেছেন। ঘটনার পর থেকে শাশুড়ি পারুল বেগম পলাতক রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৩১ ঘ.