ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বৃহস্পতিবার জামিনে মুক্তি পেয়েছেন। তার বড় ছেলে তারেক রহমান রাতে চিকিৎসার জন্য রওনা হচ্ছেন লন্ডনের পথে। খালেদা জানিয়েছেন, সুস্থ হওয়ার আগ পর্যন্ত বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক আর রাজনীতি করবেন না। বিএনপি সরকারের সঙ্গে সংলাপ ও নির্বাচনে অংশ নেবে বলেও ঘোষণা দিয়েছেন তিনি।
বিশেষ কারগার থেকে মুক্তি
এক বছর ৭ দিন কারাবন্দি থাকার পর বৃহস্পতিবার সকালে সংসদ ভবনের বিশেষ কারাগার থেকে জামিনে মুক্তি পান খালেদা জিয়া। ১১টা ৩৫ মিনিটে কারাগারের বাইরে আসেন তিনি। এ সময় খালেদার পরনে ছিল সাদা সুতির শাড়ি, চোখে খয়েরি রঙয়ের সানগ্লাস।
এর আগে সকাল সাড়ে ১১ টার দিকে খালেদা জিয়াকে স্বাগত জানাতে তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমান এবং মেয়ে জাইমা রহমান ফুল নিয়ে বিশেষ কারাগারের ভিতরে যান।
বিশেষ কারাগর থেকে বের হয়ে এলে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, অধ্যাপিকা সারোয়ারি রহমান, এম কে আনোয়ার, নুরুল হুদা, সেলিমা রহমান, ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী ও রিজভী আহমেদসহ কেন্দ্রীয় নেতা ও সাবেক সাংসদরা খালেদাকে স্বাগত জানান।
খালেদার মুক্তির খবরে সংসদ ভবনের পেছনের রাস্তায় বিএনপির নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল করে। এ সময় রাস্তায় যান চলাচল সাময়িক বন্ধ রাখা হয়।
জিয়ার কবর জিয়ারত
মুক্তি পেয়েই একটি জিপে করে সংসদ ভবন এলাকার পাশেই প্রয়াত স্বামী জিয়াউর রহমানের কবর জিয়ারত করতে রওনা হন খালেদা। এ সময় তার গাড়ি ঘিরে ছিল উৎফুল্ল নেতাকর্মীর ভিড়। ফুলের পাপড়ি ছিটিয়ে ও স্লোগান দিয়ে নেত্রীকে স্বাগত জানায় তারা। ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা মোটর সাইকেল শোভাযাত্রা করে গাড়ি বহরকে পথ দেখায়।
দুপুর ১২টার দিকে খালেদা তার স্বামীর কবর প্রাঙ্গণে প্রবেশ করেন। দুপুর ১২টা ২৮ মিনিটে কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং জিয়ারত করেন।
এ সময় বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন, বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরী, হান্নান শাহ ও গয়েশ্বর রায়সহ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খালেদা জিয়া মুক্তি পেয়ে প্রথমেই জিয়ার সমাধিতে যাবেন এ খবর পেয়ে বিএনপির হাজার হাজার কর্মী সেখানে সমবেত হন। সমাধি এলাকায় র্যাব ও পুলিশ মোতায়েনসহ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
জিয়ার সমাধি প্রাঙ্গণ থেকে দুপুর ১২টা ৪০মিনিটে বড় ছেলে তারেককে দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন খালেদা।
হাসপাতালে ছেলের সঙ্গে
দুপুর দেড়টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের ডি ব্লকে প্রবেশ করেন খালেদা জিয়া। সেখানকার চারতলার একটি কেবিনে তারেক রহমানের পাশে কাটান বিকেল প্রায় চারটা পর্যন্ত। সেখান থেকে রওনা হন নয়াপল্টনে বিএনপি'র কেন্দ্রীয় কার্যালয়ের দিকে।
দলীয় কার্যালয়ে বৈঠক
মুক্ত খালেদাকে দেখতে বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর অনেক নেতাকর্মী বিকেল থেকে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হন। সমর্থক ও নেতাকর্মীদের হর্ষধ্বনির মধ্যে বিকেল সোয়া চারটার দিকে সেখানে পৌঁছান খালেদা। দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন তাকে ফুল দিয়ে স্বাগত জানান।
কার্যালয়ে ঢুকে নিজের কক্ষে নেতাকর্মীদের সঙ্গে প্রায় আধঘণ্টা বৈঠক করেন খলেদা জিয়া।
জোট সরকার ক্ষমতা ছাড়ার পর সর্বশেষ ২০০৬ সালের ২৮ অক্টোবর নয়াপল্টনের বিএনপি কার্যালয়ে গিয়েছিলেন দলের চেয়ারপারসন।
বৈঠক শেষে প্রথমবারের মতো সাংবাদিকদের মুখোমুখি হন খালেদা।
বিএনপি চেয়ারপারসন বলেন, "আমার ছেলের (তারেক রহমান) চিকিৎসার জন্য দুই থেকে তিন বছর সময় লাগবে। সুস্থ না হওয়া পর্যন্ত সে রাজনীতি থেকে দূরে থাকবে; রাজনীতি করবে না।"
নির্বাচন ও সংলাপে অংশগ্রহণের ঘোষণা দিয়ে খালেদা জিয়া বলেন, "বিএনপি সংলাপ করতে চায়, নির্বাচনেও যেতে চায়। সে জন্য সরকারকে বলবো, নির্বাচনের অনকূল পরিবেশ তৈরি করুন। সবার জন্য সমান সুযোগ (লেভেল প্লেইং ফিল্ড) রাখার ব্যবস্থা করুন।"
একইসঙ্গে জরুরি অবস্থা প্রত্যাহার ও সবার আগে সংসদ নির্বাচন অনুষ্ঠানেরও দাবি জানান তিনি।
উপজেলা নির্বাচন সম্পর্কে খালেদা বলেন, "আমরা উপজেলা নির্বাচন অবশ্যই চাই, তবে তা হতে হবে সংসদ নির্বাচনের পর।"
দলীয় ঐক্যের ব্যাপারে বিএনপি চেয়ারপারসন বলেন, "বিএনপি ঐক্যবদ্ধ আছে; ভবিষ্যতেও থাকবে। কারাগারে যাওয়ার আগে যাদের রেখে গিয়েছিলাম তারা সবাই দলে আছেন। তাদের একসঙ্গে কাজ করতে বলব। মিডিয়াতে বিএনপিকে নিয়ে যে বিভ্রান্তি সেটা মিডিয়ার প্রচারণা। সবাইকে নিয়েই আমি কাজ করব।"
নিজের মুক্তির জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে সাংবাদিকদের তিনি বলেন, "সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমি মুক্তি পেয়েছি। দেশবাসী, দলীয় নেতাকর্মী, ও জোটের শরিক দলের নেতাকর্মী, আইনজীবী, পেশাজীবীসহ সবাইকে আমি অভিনন্দন জানাই।"
তারেক রহমানকে নির্যাতন করা হয়েছে অভিযোগ করে তার মা বলেন, "আমার ছেলেকে অন্যায়ভাবে নির্যাতন করা হয়েছে। আমার দুই ছেলে আজ শেষ হয়ে গেছে। দেশের মানুষ আজ ভালো নেই। আমিও ভালো নেই।"
খালেদা জিয়া বলেন, "বিএনপি ও চার দলীয় জোট ঐক্যবদ্ধভাবে আগামীতে নির্বাচন করবে এবং জনগণের রায় নিয়ে আবার সরকার গঠন করবে।"
মইনুল রোডে ইফতার
দলীয় কার্যালয়ে বৈঠক শেষে বিকেল ৫টা ২০ মিনিটে মইনুল রোডের বাসায় পৌঁছান খালেদা জিয়া। বিএনপি'র মিডিয়া কো-অর্ডিনেটর মহিউদ্দিন মোহন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিজের বাসায় পরিবারের সদস্যদের সঙ্গেই ইফতার করেছেন খালেদা জিয়া।
লন্ডনের পথে তারেক
লন্ডন যাওয়ার জন্য সন্ধ্যা ৭ টা ২৫ মিনিটে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারেক। রাত ৯ টা ৫৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে তার লন্ডন রওনা হওয়ার কথা।
তার আইনজীবী আহমেদ আজম খান জানান, তারেকের সঙ্গে স্ত্রী ডা জোবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান, জোবাইদার বড় বোন শাহিনা আক্তার খান বিন্দু, বিন্দুর স্বামী অবসরপ্রাপ্ত কমডোর শফিউজ্জামান ও তারেকের চিকিৎসক ডা. কাজী মাজহারুল ইসলাম দোলন একই বিমানে লন্ডন যাচ্ছেন।
তারেকের চিকিৎসক ডা. মাজহারুল ইসলাম দোলন জানান, তারেক রহমান কোমর ও মেরুদণ্ডে ব্যথা অনুভব করছেন। তিনি দেশবাসী ও দলী নেতাকর্মীদের কাছে দোয়া চেয়েছেন।
অ্যাডভোকেট আহমেদ আজম খান জানান, তারেক রহমান উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন। প্রয়োজনে তাকে জার্মানিতেও নেওয়া হবে।
নগরময় যানজট
খালেদা জিয়ার মুক্তির পর নগরীর বিভিন্ন সড়কে যানজটের সৃষ্টি হয়।
তিনি জিয়ার কবরে যাওয়ার সময় জাতীয় সংসদ ভবনের পিছনের রাস্তায় যানচলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়।
এরপর বিজয়ী সরণি, ফার্মগেট, বাংলামোটর হয়ে শাহবাগের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতাল পর্যন্ত এলাকা পর্যায়ক্রমে ফাঁকা করে রাখা হয় খালেদার গাড়ি বহরকে নির্বিঘে
bdnews24