ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শ্যাওড়াপাড়ায় বুধবার বিকেলে বাসের চাপায় রাব্বী নামের সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনার পর উত্তেজিত জনতা দুটি বাস ভাঙচুর করে।
এদিকে হাজারীবাগে ছাদ থেকে পড়ে এক কাকলী (১৪) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে।
কাফরুল থানার উপ-পরিদর্শক নাসিরউদ্দীন জানান, বুধবার বিকেল পৌনে ৫টার দিকে শ্যাওড়াপাড়ায় রাস্তা পার হওয়ার সময় মিরপুর-গুলিস্থান রুটের 'বিকল্প পরিবহনের' একটি বাস রাব্বীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় উত্তেজিত জনতা দুটি বাস ভাঙচুর করে। কিছুক্ষণ পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
উপ-পরিদর্শক নাসিরউদ্দীন জানান, পরে ফার্মগেট এলাকা থেকে পুলিশ বাসটি আটক করে। চালক সোলায়মানকেও আটক করা হয়।
রাব্বীর বাবা আব্দুল হক একজন দিনমজুর। তাদের বাসা পূর্ব শ্যাওড়াপাড়ায়।
এদিকে বিকেলে হাজারিবাগের রায়েরবাগের একটি বাসার ছাদ থেকে পাশের বাসার ছাদে যাওয়ার চেষ্টা করতে গিয়ে মৃত্যু হয় কিশোরী কাকলীর।
হাজারীবাগ থানার উপ-পরিদর্শক আলমগীর হোসেন জানান, কাকলীর এক বোন রায়েরবাগের ওই বাসায় কাজ করে। তার সঙ্গে দেখা করতেই সে ওই বাসায় গিয়েছিল। ছাদ থেকে পড়ে যাওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানায় কাকলী মারা গেছে।
লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/জেকে/এমএইচবি/২১৫৭ ঘ.
bdnews24