ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব সামলাতে বাংলাদেশের জন্য নবগঠিত বহুপাক্ষিক দাতা তহবিলের (মাল্টি ডোনার ট্রাস্ট ফান্ড-এমডিটিএফ) প্রশাসকের দায়িত্ব বিশ্বব্যাংককে দিতে সুপারিশ করেছেন অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম।
বুধবার লন্ডনের রয়্যাল জিওগ্রাফিক সোসাইটি ভবনে যুক্তরাজ্য-বাংলাদেশ জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান উপদেষ্টা।
তিনি বলেন, "অভিজ্ঞতা, তহবিল ব্যবস্থাপনা ক্ষমতা ও বিশেষজ্ঞ জ্ঞানের বিবেচনায় আমাদের মনে হয়েছে বিশ্ব ব্যাংককে এমটিডিএফ এর প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া যেতে পারে।"
আজিজুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবের মাত্রা ও তা মোকাবেলায় হস্তক্ষেপের গুরুত্ব বিবেচনা করে আমি একটি বহুপাক্ষিক দাতা তহবিলের (এমডিটিএফ) প্রস্তাব করি যা বাংলাদেশের জলবায়ু পরিবর্তন কৌশলপত্র ও কর্ম পরিকল্পনা বাস্তবায়নে আমাদের প্রচেষ্টার সম্পূরক হিসাবে কাজ করবে।
জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে এবং এর নেতিবাচক প্রভাব মোকাবেলায় বাংলাদেশকে সাহায্য করতে এমটিডিএফ গঠন করা হয়েছে। যুক্তরাজ্য প্রথম দেশ হিসেবে এ তহবিলে সাড়ে সাত কোটি পাউন্ড দেওয়ার ঘোষণা দিয়েছে। ডেনমার্কও তহবিলে সহায়তা দেওয়ার কথা জানিয়েছে। একইভাবে অন্যান্য দেশও সহায়তা করতে এগিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।
উপদেষ্টা জানান, জলবায়ু পরিবর্তনজনিত প্রভাবে উন্নয়নশীল দেশগুলোর ক্ষয়ক্ষতির জন্য উন্নত দেশগুলোর কাছ থেকে ক্ষতিপূরণ চাওয়ার পক্ষপাতী নন তিনি।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য ক্ষতিপূরণ শব্দটি ব্যবহার করা হলে এর সঙ্গে অনেক ধরনের জটিলতা, আইনি সমস্যা ও কোনো একটি দেশকে দায়ী করার ঝামেলা থাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আজিজুল ইসলাম বলেন, "কোন দেশ কি পরিমাণ গ্রিন হাউজ গ্যাস নিঃসরণ করে সে বিষয়ে গবেষণা না থাকায় কোনো বিশেষ দেশের কাছে ক্ষতিপূরণ চাওয়ার কী কোনো অর্থ আছে?"
অতীতের ভুলগুলোর পেছনে না জলবায়ু পরিবর্তনের চ্যলেঞ্জ মোকাবেলায় সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।
জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতির জন্য এর আগে এ বিষয়ে আলোচনার সময় স্বল্পোন্নত দেশগুলোর নেতারা বিশ্বের উন্নত দেশগুলোকে দায়ী করে এজন্য ক্ষতি পূরণ দাবি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/এসকে/২১৫২ঘ.
bdnews24