ঝিনাইদহ, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঝিনাইদহ পানি উন্নয়ন বোর্ড কলোনীর ভেতর বুধবার রাত ৮টার দিকে পুলিশের সঙ্গে কথিত গোলাগুলিতে সিরাজ (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
সিরাজ শহরের পাগলা কানাই এলাকার আব্দুল শাহ'র ছেলে।
পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন মাতুববর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১০-১২ জন মুখোশধারী সন্ত্রাসী পানি উন্নয়ন বোর্ডের কলোনির পাশে গোপন বৈঠকে মিলিত হয়েছিল। আজও (বুধবার) তারা সেখানে বৈঠক করবে- এ খবর পেয়ে সাদা পোশাকে পুলিশ মোতায়েন করা হয়।
তিনি জানান, রাত ৮টার দিকে একে একে ৭-৮ জন সন্ত্রাসী ঘটনাস্থলে এলে পুলিশ তাদের ঘেরাও করে ফেলে। এ সময় সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। পুলিশও পাল্টা গুলি চালায়।
উভয় পক্ষের মধ্যে ৮-১০ মিনিট গোলাগুলি হয় বলে দাবি করেন পুলিশ সুপার।
তিনি বলেন, এক পর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে সিরাজের লাশ, একটি এলজি ও চার রাউন্ড গুলি উদ্ধার করে। গোলাগুলিতে ফরহাদ নামে একজন কনস্টেবলও আহত হয়েছেন বলে তিনি দাবি করেন।
পুলিশ সুপার জাহাঙ্গীর বলেন, পুলিশের তালিকায় সিরাজ নামে একজন চরমপন্থীর আছে। তবে নাম বিরুদ্ধে কোন মামলা আছে কিনা সেটা তিনি তাৎক্ষণিক জানাতে পারেননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪১ ঘ.
bdnews24