২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশের কেন্দ্রের আট জন বাদে সবাই উত্তীর্ণ

বিদেশে থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া ১৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১৪৬ জন উত্তীর্ণ হয়েছে। অর্থাৎ আট জন উত্তীর্ণ হতে পারেননি। পাসের হার ৯৪ দশমিক ৮১ শতাংশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2008, 11:13 AM

Updated : 26 Aug 2022, 02:21 PM

ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদেশে থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া ১৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১৪৬ জন উত্তীর্ণ হয়েছে। অর্থাৎ আট জন উত্তীর্ণ হতে পারেননি। পাসের হার ৯৪ দশমিক ৮১ শতাংশ। ঢাকা বোর্ডের অধীনে সৌদি আরব, লিবিয়া, কাতার ও আরব আমিরাতের পাঁচটি কেন্দ্রে এসব শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেয়। দেশের বাইরের পরীক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪২ জন। বুধবার সাতটি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে নয়টি বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়। চলতি বছর এইচএসসি পরীক্ষায় পাসের হার ৭৪ দশমিক ৮৫ শতাংশ; যা গত বছরের চেয়ে ১০ দশমিক ৫৮ শতাংশ বেশি। নয় বোর্ডে পাসের হার ৭৬ দশমিক ১৯; যা গতবারের চেয়ে ১০ দশমিক ৫৯ শতাংশ বেশি। সৌদি আরবের জেদ্দা বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ থেকে ৪৩ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছে। রিয়াদের বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ থেকে উত্তীর্ণ হয়েছে ৪৫ জন; এ কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪৩। কাতারের দোহা বাংলাদেশ মাসহুর উর হক মোমোরিয়াল হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে ২৮ জন অংশ নিয়ে ২৭ জন উত্তীর্ণ হয়েছে। আরব আমিরাতের আবুধাবী শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে ৩৪ জন অংশ নিয়ে ৩০ জন এবং লিবিয়ার ত্রিপলি বাংলাদেশ কমিউনিটি স্কুল অ্যান্ড কলেজ থেকে ৪ জন অংশ নিয়ে ৩ জন উত্তীর্ণ হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এমআই/১৭০৮ ঘ.