২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এখনই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা সম্ভব নয়: সিইসি

জাতীয় নির্বাচনের সম্ভাব্য একটি তারিখ ঘোষণার কথা নির্বাচন কমিশন (ইসি) চিন্তা করলেও এখনই তার তফসিল ঘোষণা করা সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2008, 10:50 AM

Updated : 26 Aug 2022, 02:21 PM

ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় নির্বাচনের সম্ভাব্য একটি তারিখ ঘোষণার কথা নির্বাচন কমিশন (ইসি) চিন্তা করলেও এখনই তার তফসিল ঘোষণা করা সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা। বুধবার সকালে আগারগাঁওয়ের জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটে (এনআইএলজি) আয়োজিত নির্বাচনী কর্মকর্তাদের এক প্রশিক্ষণ অনুষ্ঠান উদ্বোধন করে তিনি একথা বলেন। নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের মাঠ পর্যায়ের শীর্ষ কর্মকর্তা, রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের জন্য 'প্রশিক্ষকদের প্রশিক্ষণ' (টিওটি) শীর্ষক ওই কর্মসূচির আয়োজন করেছে। নির্বাচনী তফসিল ঘোষণার বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, "এ মুহূর্তে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা সম্ভব নয়। তফসিল ঘোষণার সাথে সাথেই রাজনৈতিক দলগুলো ও প্রার্থীদের চূড়ান্ত ভোটার তালিকা সরবরাহ করতে হয়। কিন্তু এখনও সারাদেশের ভোটার তালিকা চূড়ান্ত হয়নি। তবে একটি সম্ভাব্য তারিখের কথা ভাবছি।" রোডম্যাপ অনুযায়ী অক্টোবরে সারাদেশের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর নভেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার কথা রয়েছে। তফসিল অনুযায়ী ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে এ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রধান উপদেষ্টা ও ইসি বরাবর বলে এসেছেন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দফা সংলাপ এবং উপজেলা ও জাতীয় নির্বাচনের বিষয়ে ইসি তাদের অবস্থান আগামী রোববার তুলে ধরবে বলেও জানান তিনি। এ বিষয়ে সিইসি বলেন, "উপজেলা নির্বাচন নিয়ে সংলাপে রাজনৈতিক দলগুলো থেকে নানা ধরণের মত এসেছে। আমরা কবে, কখন, কি করতে চাই তা রোববারই সাংবাদিকদের জানাব।" বিএনপির সঙ্গে সংলাপ প্রসঙ্গে তিনি বলেন, "আমরা আশা করি দ্রুতই বিএনপির সঙ্গে সংলাপ করতে পারব।" বিএনপির দাবি অনুযায়ী খালেদার মুক্তির প্রক্রিয়া 'সমাগত' উল্লেখ করে সিইসি বলেন, "সংলাপের জন্য বিএনপিকে ইতোমধ্যেই চিঠি দেওয়া হয়েছে। তাদের দাবি অনুযায়ী বিএনপির চেয়ারপারসনের মামলাগুলোর জামিন হয়েছে বলে জেনেছি। আশা করি সংলাপ করতে আর কোন অসুবিধা থাকবেনা।" উদ্বোধনী ভাষণে সিইসি বলেন, "নির্বাচনে কোন অনাকাক্সিক্ষত ব্যক্তি কিংবা কারো হস্তক্ষেপ হতে দেওয়া যাবেনা। নির্বাচনকে প্রভাবিত করার জন্য নানাভাবে চেষ্টা হয়ে থাকে। আমরা একটি প্রভাবমুক্ত ও সুন্দর নির্বাচন করতে চাই। আইনের বাইরে কোন কিছু করা যাবেনা। এমন করতে গিয়ে অতীতে বিপদে পড়তে হয়েছে। আমরা 'রুল অব ল' প্রতিষ্ঠা করতে চাই।" রিটার্নিং অফিসারদের উদ্দেশে তিনি বলেন, "নির্বাচনে রিটার্র্নিং অফিসারই হচ্ছেন 'সুপ্রিম বস'। তাদের ওপর কোন অধিকর্তা নেই। কোন ব্যক্তি বা সেনা কর্মকর্তারও রিটার্নিং অফিসারদের কিছু বলার সাহস নেই।" কোন একক ব্যক্তি বা কোন সংস্থার কথা না শোনারও পরামর্শ দেন তিনি। 'অনাকাক্সিক্ষত ও আজেবাজে' ব্যক্তি যাতে প্রার্থী না হতে পারে মনোনয়নপত্র বাছাইয়ের সময় সে বিষয়ের প্রতি নজর দেওয়ারও নির্দেশ দেন সিইসি। ভোট গণনাকালে রিটার্নিং অফিসারদের সতর্ক থাকার নির্দেশ দিয়ে সিইসি বলেন, "গত সিটি ও পৌর নির্বাচনে ভোটকেন্দ্র কিংবা ভোট কক্ষ দখল করার সাহস পায়নি কেউ। আগামীতেও এ ধরণের ঘটনা ঘটবেনা।" সরকার ও রাজনৈতিক দলগুলো নির্বাচনের জন্য ইসিকে সহায়তা করে যাচ্ছে উল্লেখ করে উপজেলা নির্বাচন কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন,"ইসি এখন স্বাধীনভাবে কাজ করছে। রাজনৈতিক দলগুলো সংলাপে এসে বারবার দাবি জানায়, আমরা যেন নিরপেক্ষভাবে কাজ করে যাই। উপজেলা নির্বাচন কর্মকর্তাদের অনেকেরই অতীতে দলীয় পরিচয় ছিল। এখন ওইসব দিনের কথাও ভুলে যান। আমাদের কাছে দেশ-জাতি সবচেয়ে বড়।" অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন, ইসি সচিব মুহম্মদ হুমায়ুন কবির প্রমুখ। দুদিনব্যাপী এ প্রশিক্ষণে বিভাগীয় উপ নির্বাচন কমিশনার, জেলা নির্বাচন কমিশনার ও দেশের প্রায় তিনশ উপজেলা নির্বাচন কর্মকর্তা অংশ নিচ্ছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এফএফ/এসকে/১৬৩৪ঘ.