ব্রাহ্মণবাড়িয়া, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা-চট্রগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ব্রাহ্মণবাড়িয়ার কুরোলিয়া রেল সেতুর ভাঙা অংশ মেরামতের কাজ বুধবার সকাল থেকে শুরু হয়েছে।
রেল পাইলিং ও বালুর বস্তা ফেলে সেতু এলাকায় ভাঙন রোধেরও চেষ্টা চলছে বলে জানিয়েছেন রেল কর্মকর্তারা।
ভারতের ত্রিপুরা রাজ্যে পাহাড়ি ঢলের কারণে উজান থেকে নামা পানির তোড়ে তিতাস নদীর সংযোগকারী কুরোলিয়া খালের ওপরের রেল সেতুটির উত্তর অংশের পূর্ব পাশের দেয়ালে মঙ্গলবার থেকে ব্যাপক ভাঙন দেখা দেয়। এতে সেতু ও সংলগ্ন এলাকার প্রায় ৩০ ফুট এলাকা পানিতে তলিয়ে যায়।
পূর্বাঞ্চল রেলপথের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবদুল জব্বার ও বিভাগীয় প্রকৌশলী মনিরুল ইসলাম ব্রিজটি পরিদর্শন করে জানান, আগামী এক সপ্তাহের মধ্যে পাইলিংসহ মেরামতের অন্যান্য কাজ শেষ করা হবে।
দুর্ঘটনা এড়াতে ব্রিজটির উপর দিয়ে সর্বোচ্চ ১০ কিলোমিটার গতিতে ট্রেন চলার নির্দেশ দেওয়া হয়েছে বলেও তারা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৬৩৮ ঘ.
bdnews24