২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেরি স্বল্পতার কারণে দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাটে তীব্র যানজট

ফেরি স্বল্পতার কারণে দৌলতদিয়া ও পাটুরিয়া ফেরি ঘাটে মঙ্গলবার তীব্র যানজট সৃষ্টি হয়েছে। নদী পার হওয়ার অপেক্ষায় দৌলতদিয়ায় আটকে আছে প্রায় ছয়শ' মালবাহী ট্রাক। এর মধ্যে বেশ কিছু ট্রাক গত ৪/৫ দিনের আটকে আছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2008, 02:59 PM

Updated : 26 Aug 2022, 02:21 PM

রাজবাড়ী, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফেরি স্বল্পতার কারণে দৌলতদিয়া ও পাটুরিয়া ফেরি ঘাটে মঙ্গলবার তীব্র যানজট সৃষ্টি হয়েছে। নদী পার হওয়ার অপেক্ষায় দৌলতদিয়ায় আটকে আছে প্রায় ছয়শ' মালবাহী ট্রাক। এর মধ্যে বেশ কিছু ট্রাক গত ৪/৫ দিনের আটকে আছে। মঙ্গলবার বিকেল পর্যন্ত দৌলতদিয়া ফেরি ঘাট এবং টার্মিনাল ছাড়িয়ে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ পর্যন্ত প্রায় তিন কিলোমিটার দীর্ঘ ট্রাকের সারি দেখা গেছে। অপরদিকে পাটুরিয়া ফেরি ঘাটেও প্রায় চারশ' যানবাহন আটকা পড়ে আছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থার দৌলতদিয়া ঘাটের ভারপ্রাপ্ত সহকারী মহাব্যবস্থাপক গোপাল মজুমদার ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ১০/১২ ফেরি চলাচল করতো। এখন এ পথে পালাক্রমে চলছে ৬/৭ টি ফেরি। তিনি জানান, আজ (মঙ্গলবার) সারাদিন ছয়টি ফেরি চলাচল করেছে। ফলে ৬/৭ টি ফেরি দিয়ে শুধু মাত্র যাত্রীবাহী পরিবহন আর তার সঙ্গে কিছু জরুরি মালবাহী ট্রাক পারাপার করতে তাদের হিমশিম খেতে হচ্ছে। গোপাল মজুমদার বলেন, "পানির স্রোত বেশি থাকায় ফেরিগুলো আসতে সময় লাগছে বেশি। আগে যেখানে সরাসরি নদী পাড়ি দিতে সময় লাগতো ৩০ থেকে ৩৫ মিনিট। এখন সেখানে সময় লাগছে এক ঘণ্টারও বেশি।" এছাড়া ধীরে ধীরে পানি কমতে শুরু করায় দৌলতদিয়ার ৩টি ফেরি ঘাটের মুখে বিরাট চর পড়েছে। দ্রুত এখানে খনন শুরু না হলে ঈদের আগে সমস্যা আরও প্রকট আকার ধারণ করতে পারে বলে তিনি জানান। ফেরি স্বল্পতার কারণে যাত্রীদের দুর্ভোগে পড়তে হচ্ছে। দৌলতদিয়া সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল জলিল শেখ বলেন, "ফেরি স্বল্পতার কারণে প্রায় তিন মাস ধরে মালবাহী ট্রাকগুলো সময়মত নদী পার হতে পারছে না। এতে ট্রাক মালিক এবং চালকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।" পাটুরিয়া ঘাটের বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক গিয়াস জানান, ফেরি কম হওয়ায় এ ঘাটেও যানজট সৃষ্টি হয়েছে। প্রায় চার শ' যান নদী পার হওয়ার জন্য লাইনে অপেক্ষা করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৫১ ঘ.