রাজশাহী, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পুঠিয়া উপজেলার ভাংড়া এলাকায় রাজশাহী-নাটোর মহাসড়কে মঙ্গলবার সকালে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজি চালিত ম্যাক্সির সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আট জন।
নিহতদের মধ্যে চারজন হলেন- ম্যাক্সির চালক মনসুর আলী (৪০), যাত্রী শামীম হোসেন (৩৫), শারমীন (১৩) ও সুষ্মিতা (২৫)। অন্যদের পরিচয় পাওয়া যায়নি।
আহতদের রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন জানান, নাটোর থেকে রাজশাহীগামী শ্যামা পরিবহন নামের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ইমা পরিবহনের একটি সিএনজি চালিত ম্যাক্সির (যন্ত্রচালিত চার চাকার যান) মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে ম্যাক্সিটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই চালকসহ পাঁচজন নিহত ও আটজন আহত হন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।
এ ব্যাপারে পুঠিয়া থানায় একটি মামলা হয়েছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৮০৮ ঘ.
bdnews24